১৫ কোটি ফোন কলের তথ্য সংগ্রহ করেছে এনএসএ

আইন পরিবর্তন সত্ত্বেও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এনএসএ ( ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি) গত বছর মার্কিন নাগরিকদের ১৫ কোটিরও বেশি ফোন কলের তথ্য সংগ্রহ করেছে। মঙ্গলবার একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার দেওয়া এক প্রতিবেদন অনুসারে একথা জানা গেছে। 
 
প্রসঙ্গত, নাগরিকদের ফোন কলের তথ্য সংগ্রহের ব্যাপারে গোয়েন্দা সংস্থাগুলোর ক্ষমতা সীমিত করে ২০১৫ সালে একটি আইন পাশ করেছিল মার্কিন কংগ্রেস।
 
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক ড্যান কোটসের দপ্তর থেকে দেয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা সংস্থাটি ২০১৬ সালে বিপুল পরিমাণ টেলিফোন ‘মেটাডাটা’ সংগ্রহ করেছে। এতে ১৫ কোটি ১০ লাখ ফোন কলের তথ্য রয়েছে।
 
তবে মার্কিন কর্মকর্তারা যুক্তি দিয়েছেন, গত বছর ফোন কল সংগ্রহের সংখ্যাটি আগের বছরগুলোর তুলনায় অনেক কম। এছাড়া একই নাম্বার থেকে একাধিক ফোন কলের তথ্য নেয়ায় সংখ্যাটি বেশি মনে হচ্ছে। ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকের দপ্তরের একজন মুখপাত্র দাবি করেছেন, আইন মেনেই এসব ফোন কলের তথ্য সংগ্রহ করা হয়েছে। রয়টার্স।
 
ইত্তেফাক/সাব্বির