‘রুস্তম’ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন তিনি। অক্ষয় যে ভালো অভিনেতা এ নিয়ে সংশয় নেই। তবে, খিলাড়ির জাতীয় পুরস্কার জেতা নিয়ে অনেকেই আবার মুখ বাঁকিয়েছেন।
সমালোচকদের কথায় জাতীয় পুরস্কার পাওয়া উচিত ছিল ‘দঙ্গল’ তারকা আমিরের। তবে জুরি চেয়ারম্যানের সঙ্গে অক্ষয়ের বন্ধুত্ব থাকার জন্যই তাঁকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে। তবে, যে যাই বলুক না তিনিই জাতীয় পুরস্কার জিতেছেন।
আজ বুধবার তিনি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাত থেকে সেই পুরস্কার নিলেন। সন্ধ্যায় নিজের টুইটারে পুরস্কার গ্রহণের একটি ছবিও শেয়ার করেছেন অক্ষয়। সেখানে তিনি ক্যাপশন দেন, পুরস্কার গ্রহণের এই মুহুর্তটির অনুভূতি কোন শব্দদিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। আপনাদের সবাইকে ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ।
জাতীয় পুরস্কার গ্রহণের আগে ফেসবুকে বিশেষ বার্তা দিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন অক্ষয়, যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। যেখানে তাঁর ছোটবেলার একটি ঘটনা শেয়ার করেছেন খিলাড়ি। বলেছেন, তিনি যদিও জাতীয় পুরস্কার জিততে পারেন, তাহলে অনেকেই আরও অনেক কিছু জিতে নিতে পারবেন।
এই ভিডিওর মাধ্যমে ভারতের সমস্ত ছাত্র-ছাত্রীকে জীবনে কোনও কিছুর জন্যই ভেঙে না পড়ার কথা বলেছেন অক্ষয়। অক্ষয়ের এই পোস্ট করা ভিডিওটি সকলের কাছে অনুপ্রেরণার।
ইত্তেফাক/রেজা