স্পোর্টস রিপোর্টার
ওভার তখন ১৬.৩। তিন উইকেট হারিয়ে ১৪৪ রান তুলে ফেলেছে দিল্লি ক্যাপিটালস। ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে সফরকারীরা। মোহালির দর্শকদের অনেকেই তাই তখন আগ্রহ হারিয়ে বাড়ির পথ ধরেছেন। ঠিক সেই সময়ে জ্বলে ওঠে কিংস ইলেভেন পাঞ্জাব।
বাকি সাতটা উইকেট তারা হারায় মাত্র আট রানে, সেটাও আবার ১৭ বলের মধ্যে। বলা হচ্ছে- এটা স্বয়ং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসেরই অন্যতম বড় ব্যাটিং বিপর্যয়। আর এই পতনে পাঞ্জাবের বোলিংয়ে নেতৃত্ব দেন পাঞ্জাবের ইংলিশ পেসার স্যাম কুর্যান। তিনি করেছেন হ্যাটট্রিক, ১১ রান হজম করে উইকেট নিয়েছেন চারটি। শেষ ২১ বলে সাত উইকেট হাতে নিয়ে ২৪ রান দরকার পড়ে দিল্লির। কিন্তু এরপরই দিল্লির সব হিসাব-নিকাশ পাল্টে করে কুর্যান ও মোহাম্মদ শামি। কুর্যান চারটি ও শাম দু’টি করে উইকেট নেন। আর একটি রান আউট হয়। এতে চার বল বাকি রেখে ১৫২ রানেই গুটিয়ে যায় দিল্লি। ফলে, সফরকারীরা হারে ১৪ রানে। এই জয়ে চার খেলায় তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে পাঞ্জাব। সমানসংখ্যক ম্যাচে দুই জয়ে পঞ্চম স্থানে আছে দিল্লি। ১৮তম ওভারের চতুর্থ বলে দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রামকে আউট করে শুরু করেন কুর্যান। আর ঐ ওভারের শেষ বলে হার্শাল প্যাটেল, ১৯তম ওভারের প্রথম বলে রাবাদা, দ্বিতীয় বলে লামিচানকে শিকার করে হ্যাটট্টিক পূর্ণ করেন কারান। আইপিএলের ইতিহাসে ১৮তম হ্যাটট্টিক এটি।