ফিরছে লঙ্কান প্রিমিয়ার লিগ

স্পোর্টস রিপোর্টার

হারানো সুদিন ফিরিয়ে আনতে নিজেদের ঘরোয়া ক্রিকেট কাঠামো ঢেলে সাজানোর চেষ্টায় আছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এরই ফলশ্রুতিতে সংস্থাটি আবারো লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

সংস্থাটির সচিব মোহন ডি সিলভা জানিয়েছেন আসছে সেপ্টেম্বরেই এই টুর্নামেন্টটি মাঠে গড়াবে। তিনি জানিয়েছেন টুর্নামেন্টটি এবার বেশ জাঁকজমকপূর্ণ করেই আয়োজন করার ইচ্ছা আছে তাদের। গেল সোমবার কলম্বোতে সুপার প্রোভিন্সিয়াল ৫০ ওভার টুর্নামেন্টের উদ্বোধনী তিনি এই কথা জানান।

বোর্ডের ভেতরের খবর হলো বিশ্বকাপ শেষে আগামী ৮ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই আসর। মোহন ডি সিলভা বলেন, ‘আমরা কাজ এগিয়ে নিচ্ছি। এ বছরের সেপ্টেম্বরে টুর্নামেন্টটি মাঠে গড়াবে।’

গেল বছরও সেপ্টেম্বরেই এলপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, নানা জটিলতায় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি পিছিয়ে দেওয়া হয়। সেবার টুর্নামেন্টটির পরিচালক ছিলেন সাবেক ক্রিকেটার রাসেল আরনল্ড।

এবারো তাকেই ফিরিয়ে আনার কথা ভাবছে এসএলসি। টুর্নামেন্টে পাঁচ থেকে ছয়টি দল খেলবে। গেল বছর যে পরিকল্পনা করা হয়েছিল, তাতে বিদেশি খেলোয়াড়দের জন্য কোনো সুযোগ রাখা হয়নি। এবার বিদেশী খেলোয়াড়রা থাকবেন কি না, সেই ব্যাপারে এসএলসি কিছু জানায়নি। যদিও মোহন দাস বিদেশি খেলোয়াড় রাখার আভাস দিয়েছেন।

মোহন ডি সিলভা মনে করছেন এলপিএল লঙ্কান ক্রিকেটের হারানো সুদিন ফিরিয়ে আনতে পারবে। তিনি বলেন, ‘এটা খুবই দুভাগ্যজনক যে, শ্রীলঙ্কা ক্রিকেট তাদের উন্নতির ধারাবাহিকতা রাখতে পারেনি। এমনকি প্রশাসনিক কিছু জটিলতা, নির্বাচন ও পালাবদলের কারণে বিশ্বকাপের জন্য যথার্থভাবে প্রস্তুতি নেওয়া এখনো আমাদের পক্ষে সম্ভব হয়নি। গেল বছরের সেপ্টেম্বরেই যদি এলপিএল আয়োজন করা যেত তাহলে আমাদের খেলোয়াড়রা দারুণ একটা সুযোগ পেত। আন্তর্জাতিক ক্রিকেটারদের সাথে প্রতিযোগিতার সুযোগ পেত। আশা করি, এবার এলপিএল চালু হয়ে গেলে আর এই আক্ষেপটা থাকবে না।’

জানিয়ে রাখা ভালো, এর আগে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এসএলপিএল) নামের আরেকটি ফ্র্যাঞাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করে এসএলসি। যদিও ২০১২ সালে মাত্র একটি আসরের পরই টুর্নামেন্টটি আর আলোর মুখ দেখেনি।