ক্ষতিগ্রস্তদের আগামী এক বছর বিনামূল্যে চিকিত্সা দেওয়ার ঘোষণা

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া হাওর এলাকায় না গিয়ে ঢাকায় শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে দুর্গতদের জন্য মায়াকান্না করছেন, দরদ দেখাচ্ছেন। যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-এমপিরা হাওর এলাকা পরিদর্শন করেছেন, সেখানে খালেদা জিয়ার এক ঘণ্টার জন্য এখানে আসার সময় হলো না। আসলে ঢাকায় বসে বড় বড় কথা বলাই তার রাজনীতি।

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের পাগলা মডেল হাইস্কুল এন্ড কলেজ মাঠে গতকাল বুধবার দুপুরে দুর্দশাগ্রস্ত কৃষকদের হাতে ত্রাণ তুলে দেবার সময় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে মোহাম্মদ নাসিম ২৮৭ জন দুর্দশাগ্রস্ত কৃষকদের মাঝে ৩৮ কেজি করে চাল ও ৫০০ টাকা করে বিতরণ করেন।

আগামী এক বছর হাওরের দুর্গত মানুষ বিনামূল্যে চিকিত্সা সেবা প্রদানের ঘোষণা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সুনামগঞ্জে ১২৮টি মেডিক্যাল টিম কাজ করছে। এছাড়া হেলথ কমিউনিটি ক্লিনিক, উপজেলা সদর হাসপাতাল, জেলা সদর হাসপাতালে          দুর্দশাগ্রস্ত কৃষকরা চিকিত্সা নেবেন। প্রয়োজনে বিশেষ চিকিত্সক টিমও হাওরাঞ্চলে কাজ করবে। সকল ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারেরই চিকিত্সা সেবা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, হাওর এলাকায় কোনো মানুষ এখন কষ্টে নেই। পর্যাপ্ত চাল, ওষুধসহ প্রয়োজনীয় সব কিছুই তারা পাচ্ছে। যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেন, গণ আজাদী লীগের এসকে শিকদার, ওয়ার্কার্স পার্টির কামরুল আহসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, সিভিল সার্জন আশুতুষ দাশ, সাবেক সিভিল সার্জন আব্দুল হাকিম, সাবেক সিভিল সার্জন সৈয়দ মনোওয়ার আলী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, জেলা পরিষদের সদস্য জুহরুল ইসলাম জহির, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন, প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ মানিক মিয়া প্রমুখ। এদিকে বিকালে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ৫০০ জন দুর্দশাগ্রস্ত কৃষকের মাঝে ৩৮ কেজি করে চাল ও ৫০০ টাকা করে বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

ইত্তেফাক/নূহু