অবশেষে পয়েন্ট পেলো মোহামেডান

খেলতে অস্বীকার ব্রাদার্সের

স্পোর্টস রিপোর্টার

বাকি দুই মাঠে বৃষ্টির পর সংক্ষিপ্ত ওভারের খেলা হয়েছে। বিকেএসপিতেও সেই প্রস্তুতিই ছিল। কিন্তু উইকেটের পানি পুরোপুরি শুকায়নি এবং তাদেরকে ম্যাচের পরিবর্তিত লক্ষ্য না জানিয়েই খেলা শুরু হয়েছে, এমন দাবিতে দ্বিতীয় ইনিংস খেলতে নামেনি ব্রাদার্স ইউনিয়ন। ফলে ‘খেলতে অস্বীকার করা’র অভিযোগে ব্রাদার্সের বিপক্ষে ম্যাচে জয়ী ঘোষণা করা হয়েছে মোহামেডান স্পোর্টিংকে। টানা চার পরাজয়ের ফলে এই নাটকীয়তার কারণে পূর্ন ২ পয়েন্ট পেলো মোহামেডান।

বৃষ্টির আগে বিকেএসপিতে ব্যাট করে মোহামেডান ৩১৬ রানের বড় স্কোর করে। ইরফান শুক্কুর ও অভিষেক মিত্রর উদ্বোধনী জুটিতে ১৭৪ রান আসে। দু জনকে একই ওভারে ফেরান সাজিদুল ইসলাম।

এরপর রকিবুলের ৩৫ বলে ৫০ রান এগিয়ে দেয় মোহামেডানকে। আর শেষ দিকে সোহাগ গাজী ২৫ বলে করেন ৪৩ রান।

মোহামেডানের ইনিংস শেষে আসে বৃষ্টি। আর বৃষ্টি থামলে খেলার পরিবেশ সৃষ্টি হলে তবে খেলার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপার। তিনি বলেছেন, ‘উইকেটের ওপর থেকে কাভার তোলার পর এক প্রান্তে ছোট একটা জায়গায় ভেজা দেখা যায়। সেটা খেলায় একেবারেই অপ্রয়োজনীয় একটা জায়গা ছিল। তারপরও সেই জায়গাটা শুকালে তবে ৪টা ৬ মিনিট থেকে খেলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।’

কিন্তু ব্রাদার্সের অধিনায়ক মোহাম্মদ শরীফ বলছেন, উইকেট শুকানোর আগেই খেলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়, ‘উইকেটের এক প্রান্ত বেশ ভেজা ছিল। আম্পায়াররা শুরুতে একমত ছিলেন যে, এই অবস্থায় খেলা চালানো বিপজ্জনক হবে। পরে ওনারা কয়েক মিনিটের মাঝে মত বদলে খেলা শুরু করার সিদ্ধান্ত নেন।’

শরীফের আরো অভিযোগ, তাদেরকে খেলা শুরুর আগে নতুন ওভারসংখ্যা ও লক্ষ্য জানানো হয়নি, ‘আমরা খেলতে প্রস্তুত ছিলাম। আমাদের ব্যাটসম্যানরা তৈরিও হয়েছিল। কিন্তু আমরা হাতে কোনো কাগজ পাইনি যে, কতো ওভারের খেলা বা লক্ষ্য কতো। তার আগেই দেখলাম, আম্পায়াররা ও ফিল্ডাররা মাঠে নেমে গেছেন। এমনকি আমাদের যে ম্যাচে পরাজিত ঘোষণা করা হয়েছে, সেটাও আমাদের জানানো হয়নি।’

কিন্তু ম্যাচ রেফারি আখতার আহমেদ বলছেন, তার সামনেই দু দলকে এক সাথে সবকিছু জানানো হয়েছে, ‘আম্পায়াররা আমার সামনেই দুই অধিনায়ককে নতুন ওভারের সংখ্যা, নতুন টার্গেট ও কয়টায় খেলা শুরু হবে, তা জানিয়েছে।’

সংক্ষিপ্ত স্কোর:

মোহামেডান—ব্রাদার্স ইউনিয়ন

মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৫০ ওভারে ৩১৬/৯ (ইরফান ৯২, অভিষেক ৬৮, রকিবুল ৫০, সোহাগ ৪৩*; সাজিদুল ৩/৪৩, শরীফ ৩/৪৪)।

ফল: ব্রাদার্স ইউনিয়ন ব্যাটিং করতে অস্বীকৃতি জানানোয় মোহামেডান জয়ী।