আলমগীরের চলচ্চিত্রে এবার শাকিব খান

 
‘অভিনেতা’ হিসেবে বরেণ্য অভিনেতা আলমগীর পরিচিত হলেও চিত্র পরিচালক পরিচয়ও রয়েছে তার। তবে দীর্ঘদিন কোনো চলচ্চিত্র পরিচালনা করেননি তিনি। আর এই দীর্ঘ বিরতির পর তিনি পরিচালনা করতে যাচ্ছেন ‘একটি সিনেমার গল্প’ শিরোনামে একটি চলচ্চিত্র। যৌথ প্রযোজনায় এই ছবিটিতে প্রাথমিকভাবে অভিনয়ের কথা ছিল প্রসেনজিত্ চট্টোপাধ্যায়, পূর্ণিমা, আরিফিন শুভ ও পাওলি দামের।
 
তবে সম্প্রতি ছবিটিতে প্রসেনজিৎ অভিনয় না করার সিদ্ধান্ত নেওয়ায় কাস্টিংয়ে এসেছে পরিবর্তন। অন্যদিকে যোগ হয়েছে শাকিব খানের নাম। ছবিটিতে একজন পরিচালকের চরিত্রে অভিনয়ের কথা ছিল প্রসেনজিতের।
 
আর স্ত্রী হিসেবে অভিনয় করার কথা ছিল পূর্ণিমার। তবে প্রসেনজিত্ অভিনয় না করায় আলমগীর নিজেই চরিত্রটিতে অভিনয়ের সিদ্ধান্ত নেন। আর এই সিদ্ধান্তের সাথে একমত নন পূর্ণিমা। তাই ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
 
পূর্ণিমা বলেন, ‘আলমগীর সাহেবের সাথে অভিনয় করাটা সুযোগের বিষয়। আমি অভিনয় করতে পারলে ভালো লাগতো। কিন্তু তার স্ত্রীর চরিত্রে আমাকে মানাবে না। তাই আমার ব্যক্তিগত চিন্তা থেকে ছবিটি না করা সিদ্ধান্ত নিয়েছি।’
 
অন্যদিকে কাস্টিং পরিবর্তনের কারণে আরিফিন শুভর জায়গায় আসছেন শাকিব খান। গত সোমবার চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে সম্মেলন শেষে অভিনেতা আলমগীর নিজেই নিশ্চিত করেছেন ছবিতে শুভর বদলে অভিনয় করবেন শাকিব খান।
 
তার বিপরীতে থাকছেন পাওলি দাম। শিগগিরই পূর্ণিমার বদলে অন্য একজন অভিনেত্রীকে নির্বাচন করে আনুষ্ঠানিক ঘোষণা আসবে ‘একটি সিনেমার গল্প’ ছবিটির।
 
ইত্তেফাক/আনিসুর