মাস্তানের গার্লফ্রেন্ড ঊর্মিলা

 
জিকো এলাকার পাতি মাস্তান। ‘মাস্তান’ হলেও শিক্ষিত ও সম্ভ্রান্ত পারিবারের সন্তান। চাকরি-বাকরি করার কোনো আগ্রহ দেখা যায়নি তার মাঝে। ইদানীং মহল্লার মেয়ে আরশীকে জিকোর বেশ মনে ধরেছে। রাস্তায় দাঁড়িয়ে নানা কসরত করে আরশীর মনোযোগ আকর্ষণের জন্য।
 
ব্যর্থ হয়। এক বিকেলে, বাসার গেটে রিকশাভাড়া নিয়ে আরশীর সঙ্গে কথা কাটাকাটি লেগে যায় রিকশাওয়ালার। অদূরে টং দোকানের বেঞ্চিতে বসে চা খাচ্ছিল জিকো। আধা খাওয়া চায়ের কাপ ফেলে তিরিং করে উঠে দাঁড়ায় সে, এরপর প্রায় দৌড়ে ঘটনাস্থলে উপস্থিত হয়।
 
জিকো শক্তি নিয়ে এক চটকানা বসিয়ে দেয় রিকশাওয়ালার গালে। হতবাক হয় আরশী জিকোর এ আচরণে, প্রচণ্ড বিরক্ত হয়। পরদিন আরশী তাকে বলে, ‘গতরাতে আমাদের এলাকার এমপি সাহেবের ছেলে আমাকে প্রচণ্ড অপমান করছে, বেয়াদবি করছে আমার সঙ্গে, যান... আপনি তার চাপা ভেঙে দিয়ে আসুন।’ কথা শুনে বিপদে পড়ে জিকো। কী করা উচিত ভেবে পায় না—এভাবে এগিয়ে যায় নাটকের কাহিনি।
 
শেখ সেলিমের পরিচালনায় একখণ্ডের ‘কী কথা তাহার সাথে’ নাটকে দেখা যাবে উর্মিলা শ্রাবন্তী করকে। নাটকে দর্শকরা তাকে মাস্তানের প্রেমিকার চরিত্রে দেখতে পাবেন। মুহাম্মদ আবু রাজীনের রচনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন তারিক স্বপন, সাইকা আহমেদ, মোশাররফ হোসেন, সাইফ, কাহির মাহমুদ, শিমু মাহমুদ, সোমা হালদার প্রমুখ।
 
উর্মিলা বলেন, ‘এতে আমি আরশী চরিত্রে অভিনয় করেছি। জিকো আমার প্রেমিক। সব মিলিয়ে নাটকটিতে অভিনয় করে আমি আনন্দিত।’ ‘কী কথা তাহার সাথে’ নাটকটি আজ রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।
 
ইত্তেফাক/আনিসুর