কম্বোডিয়ার প্রধানমন্ত্রী স্যামডেচ টেকো হান সেন বৃহস্পতিবার বলেছেন, অবসাদজনিত ক্লান্তির কারণে অসুস্থ হয়ে পড়ায় সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
নিজের ফেসবুকে এক পোস্টের মাধ্যমে হান সেন জানান, ‘প্রচণ্ড ক্লান্তির কারণে আমি অসুস্থ হয়ে পড়ি। দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করাতে তাই চিকিৎসকদের শরণাপন্ন হয়েছি।’ ৬৪ বছর বয়সী এই প্রধানমন্ত্রী আরো বলেন, ৩ মে বিকেল থেকে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ৭ মে রোববার দেশে ফেরার কথা রয়েছে তার।
তিনি আরো জানান, সশস্ত্রবাহিনী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে তার পূর্ব নির্ধারিত সাক্ষাত বাতিল করেছেন। এছাড়াও এ সময়ে তিনি ফ্রান্স, ভারত ও জাপানের অতিথিদের সঙ্গে বৈঠকও বাতিল করেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৭ হাজারের বেশি মানুষ তার সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছে বলে জানা গেছে। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু