পূর্ব দ্বন্দ্বের জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দু'পক্ষের মধ্যে রামদা, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় দুপক্ষের সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হলের সামনে এ ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য চবি মেডিক্যাল সেন্টারে পাঠানো হয়। এদিকে আগামী ১৪মে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাদের আগমনকে সামনে রেখে বড় ধরনের সংঘর্ষ হতে পারে বলে মনে করছে ছাত্রলীগের কিছু নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
সূত্রে জানা যায়, চবি'র রেল স্টেশনে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারী আবু বক্করকে মারধর করে সভাপতি গ্রুপের কয়েকজন কর্মী। পরে ঘটনাটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সাধারণ সম্পাদকের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে শাহ আমানত হলের ভিতরে জড়ো হতে থাকে।
অন্যদিকে সভাপতি গ্রুপের কর্মীরা শাহজালাল হলের ভিতর থেকে দেশীয় অস্ত্র নিয়ে শাহ আমানত হলের দিক ধাওয়া দেয়। এতে সাধারণ সম্পাদকের চারজন নেতাকর্মী ও সভাপতি গ্রুপের তিনজন আহত হয়। পরে ঘটনা স্থলে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
এ ব্যাপারে চবি'র সহকারী প্রক্টর মিজানুর রহমান বলেন, 'নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি কারণে শাহজালাল হলের সামনে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
ইত্তেফাক/জামান