ইয়াসির স্পিন বিষে জর্জরিত ওয়েস্ট ইন্ডিজ

আবারো লেগ স্পিনার ইয়াসির শাহ বিষে জর্জরিত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ইয়াসির শাহ’র ৬ উইকেটে শিকারে প্রতিপক্ষের সামনে বড় টার্গেট দিতে পারছে না স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ১ উইকেট হাতে নিয়ে বার্বাডোজ টেস্টের চতুর্থ দিন শেষে ১৮৩ রানে এগিয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ৮১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে চতুর্থ দিন শেষে ৯ উইকেটে ২৬৪ রান তুলেছে ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে ৩১২ রান করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের সংগ্রহ ছিল ৩৯৩ রান। 
 
তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংস শুরু করে ১ উইকেটে ৪০ রান নিয়ে দিন শেষ করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে ছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ক্রেইগ ব্র্যাথওয়েট ও সিমরন হেটমায়ার। তবে আগের দিনের ২২ রানেই থেমে যান হেটমায়ার। এরপর ইনিংস বড় করার চেষ্টায় ছিলেন ব্র্যাথওয়েট। কিন্তু এই ইনিংসে ইয়াসিরের প্রথম শিকার হবার আগে ৪৩ রানের বেশি করতে পারেননি তিনি। এরপর সাই হোপের সাথে বড় জুটির পথ তৈরি করছিলেন প্রথম ইনিংসে ১৩১ রান করা রোস্টন চেজ। এই জুটি ৫৮ রান যোগ করার পরই আবারো আঘাত হানেন ইয়াসির। ২৩ রান করা চেজকে প্যাভিলিয়নে ফেরান যাদুকর ইয়াসির।
 
চেজের বিদায়ে ক্রিজে হোপের সঙ্গী হন বিশাল সিং পাকিস্তানের বোলারদের দেখেশুনে খেলে উইকেটে টিকে থাকার লড়াই শুরু করেন তারা। ধীর গতিতে এগিয়ে বড় জুটির স্বপ্ন দেখছিলেন হোপ ও সিং। কিন্তু আবারো সেই পথে বাঁধা হযে দাঁড়ান ইয়াসির। 
৯০ রানে থাকা হোপকে বিদায় দেন ইয়াসির। এতে পঞ্চম উইকেটে বিশালের সাথে ৮০ রানে জুটির সমাপ্তি ঘটে। ৮টি চার ও ১টি ছক্কায় ২০৯ বলে নিজের ধৈর্য্যশীল ইনিংসটি সাজান হোপ। 
 
দলীয় ২৩৫ রানে হোপের আউটের পর, ৬ বল ও ১ রানের ব্যবধানে আরও দুই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। আর সেখানেই শেষ হয়ে যায় প্রতিপক্ষের সামনে ওয়েস্ট ইন্ডিজের বড় টার্গেট দেয়ার স্বপ্ন। 
 
বিশালকে ৩২ রানে পেসার মোহাম্মদ আব্বাস ও স্বাগতিক অধিনায়ক জেসন হোল্ডারকে ১ রানে ইয়াসির বিদায় দেন। এরপর ঘুড়ে দাঁড়ানোর পথ খুঁজছিলও ওয়েস্ট ইন্ডিজের লোয়ার-অর্ডার ব্যাটসম্যানরা। কিন্তু সেটি হতে দেননি ইয়াসির। দিনের শেষভাগে ক্যারিবীয়দের আরও দু’উইকেট শিকার করেছেন তিনি। ফলে টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মত ১০ বা ততোধিক উইকেট শিকারের নজির গড়েন ইয়াসির। দিন শেষে ৩৯ ওভারে ৯০ রানে ৬ উইকেট নিজের বোলিং ফিগার দাঁড় করার ইয়াসির। 
 
ইয়াসির শেষ দুই শিকার ছিলেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক শেন ডউরিচ ও আলজারি জোসেফ। ডউরিচ ২ ও ৭ রান করেন। তবে শেষ পর্যন্ত দেবেন্দ্র বিশু ১৬ ও শ্যানন গাব্রিয়েল শুন্য রানে অপরাজিত আছেন। 
 
সংক্ষিপ্ত স্কোর:
 
ওয়েস্ট ইন্ডিজ : ৩১২ ও ২৬৪/৯, ১০২ ওভার (হোপ ৯০, ব্র্যাথওয়েট ৪৩, ইয়াসির ৬/৯০)।
পাকিস্তান : ৩৯৩/১০, ১৪০ ওভার (আজহার ১০৫, মিসবাহ ৯৯, গাব্রিয়েল ৪/৮১)। বাসস।