মালদিনির পর দ্বিতীয় ইতালিয়ান হিসেবে শততম ম্যাচ বুফনের

এসি মিলানের ডিফেন্ডার পাওলো মালদিনির পর দ্বিতীয় ইতালিয়ান ফুটবলার হিসেবে জুভেন্টাসের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। গতরাতে চ্যাম্পিয়ন্স লীগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে মোনাকোর বিপক্ষে খেলতে নেমে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন বুফন। 
 
১৯৮৫ সালে এসি মিলানের যোগ দেন ইতালির মালদিনি। এরপর সেখানেই ক্যারিয়ার শেষ করেন এই ডিফেন্ডার। ক্যারিয়ার শেষ করার আগে এসি মিলানের হয়ে ৬৪৭ ম্যাচে ২৯ গোল করেন তিনি। এ সময় অনেক অর্জন ও অনেক রেকর্ডের মালিকও হয়েছেন মালদিনি। চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের হয়ে ১৬১ ম্যাচ খেলেন ৪৮ বছর বয়সী মালদিনি। 
 
ইউরোপের ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগের কোন ক্লাবের হয়ে শততম বা তার চেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড প্রথম গড়েন মালদিনি। তাই মালদিনির কাছেই ছিলো এমন অনন্য অর্জন। তবে মালদিনির পর দ্বিতীয় ইতালিয়ান হিসেবে একই ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে শততম ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করলেন বুফন। 
 
১৯৯৫ সালে ইতালিয়ান দল পার্মার হয়ে ক্লাব ফুটবলে খেলা শুরু করেন বুফন। ২০০১ সাল পর্যন্ত পার্মার হয়ে ২২০ ম্যাচ খেলেছেন তিনি। এরপর জুভেন্টাসে যোগ দেন বুফন। জুভেন্টাসের হয়ে গতরাতে চ্যাম্পিয়ন্স লিগে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন তিনি। 
 
এমন অর্জনের রাতে মোনাকোকে ২-০ গোলে হারাতে মুখ্য ভূমিকা রাখেন বুফন। অতন্দ্র প্রহরির মত জুভেন্টাসের গোলবার সামলেছেন এবং মোনাকোর নিশ্চিত গোলগুলো নসাৎ করেছেন বুফন। তাই এ বয়সেও নিজেকে উজার করে দেয়ার প্রতিজ্ঞা বুফনের, ‘এ বয়সে নিজের সেরাটা দিতে মুখিয়ে থাকি। ফুটবল বিশ্বকে বুঝাতে চাই, উচ্চ পর্যায়ে আমি সেরাটা দিতে পারি। প্রতিদিনই নিজেকে নিয়ে অনেক কাজ করি-পরিশ্রম করি। যাতে ফুটবল মাঠে দলের জন্য সেরা পারফরমেন্সই প্রদর্শন করতে পারি। গতরাতে করেছি, কতটুকু করতে পেরেছি জানি না। তবে দল জিতেছে, এটাই বড় অর্জন।’
 
ম্যাচ জয় বড় অর্জন হলেও, চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে নিজের লক্ষ্যটা পূরণ করতে চান বুফন। কারন ক্লাবের হয়ে সকল শিরোপা জয় করা হলেও, একমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিটা র্স্পশ করতে পারেননি তিনি। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনেক বড় স্বপ্ন এঁেক রেখেছেন বুফন, ‘আমরা আমাদের লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। এখানে দাঁড়িয়ে পরিশ্রম না করাটা বোকামি হবে এবং এখান থেকেই সেরাটা দিতে হবে আমাদের। আমাদের জন্য এই মৌসুমটি অন্যরকম। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় বড় স্বপ্ন। সেটি পূরণ হলে স্মরনীয় হয়ে থাকবে এবারের মৌসুম।’ বাসস।
 
ইত্তেফাক/রেজা