ডিয়ন চকলেট ক্ষুদে গানরাজ, সিজন-৬ এর চ্যাম্পিয়ন হয়েছে অংকন, প্রথম রানারআপ ঐক্য ও দ্বিতীয় রানারআপের মুকুট পরলো ঐশি। আনন্দে অভিভূত, আপ্লুত ক্ষুদে গানরাজ বিজয়ী বরিশালের অংকন প্রতিক্রিয়ায় জানাল ছোট্ট আবদার ‘আমার জন্য সবাই দোয়া করবেন, গান নিয়ে আমি যেতে চাই অনেক দূর।’
পুরস্কার হিসেবে সে জিতে নিলো চ্যানেল আই ক্ষুদে গানরাজের ষষ্ঠ আসরের সেরা খেতাব। মাথায় ঝলমলে মুকুট পরিয়ে দেওয়ার পাশাপাশি তার হাতে তুলে দেয়া হলো পুরস্কারের অর্থমূল্য পাঁচ লাখ টাকার চেক।
প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছে ঠাকুর গাঁওয়ের ঐক্য। পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয় তিন লাখ টাকা। দ্বিতীয় রানার আপ হয়েছে চট্টগ্রামের ঐশি। তার হাতে তুলে দেওয়া হয় নগদ ২ লাখ টাকা।
সদ্য প্রয়াত কণ্ঠশিল্পী লাকী আখান্দকে স্মরণ করা হয় অনুষ্ঠানের শুরুতে। এই শিল্পীর গাওয়া কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করে ক্ষুদে গানরাজ সেরা সাত প্রতিযোগী। এ সময় পর্দায় ভেসে উঠে লাকী আখান্দের স্মৃতিময় আলোকচিত্র। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ভারতীয় কণ্ঠশিল্পী মিতালী মুখার্জির গান।
আসরটি বসেছিল ৫ মে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এএসটি বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ। বিজয়ীদের পুরস্কার ঘোষণা করেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।
এই তিন খুদে শিল্পী সরাসরি গান গাইবে চ্যানেল আই এর সপ্তাহের গানের সরাসরি অনুষ্ঠান গানের উৎসবে। মৌসুমী বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন অনন্যা রুমা।
গানের পাশাপাশি তারা জানাবে তাদের ক্ষুদেশিল্পী হওয়ার পিছনের গল্প। প্রচার হবে আগামীকাল ৭মে বিকেল ২টা ৪০ মিনিটে চ্যানেল আই স্টুডিও থেকে।
ইত্তেফাক/আনিসুর