ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ইমানুয়েল ম্যাক্রোন তার প্রচারণার বিরুদ্ধে ‘ব্যাপক ও সমন্বিত হ্যাকিংয়ের’ কঠোর নিন্দা জানিয়েছেন। এ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হওয়ার মাত্র ২৪ ঘণ্টা আগে শুক্রবার রাতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনে ফাঁস হওয়ার পর তিনি এ নিন্দা জানালেন।
ম্যাক্রোন বলেন, জনগণকে বিভ্রান্ত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল হ্যাক করে সঠিক তথ্যের সাথে ভুয়া অনেক তথ্য জুড়ে দেয়া হয়েছে। ম্যাক্রোনের প্রচারণা শিবিরের পক্ষ থেকে বলা হয়, এটি স্পষ্ট যে রোববারের দ্বিতীয় দফার ভোট গ্রহণের প্রাক্কালে ম্যাক্রোনের ক্ষতি করতেই হ্যাকাররা এক কাজ করেছে।
এ নির্বাচনে মধ্যপন্থী প্রার্থী ম্যাক্রোন কট্টর ডানপন্থী প্রার্থী মেরি লি পেনের মুখোমুখি হচ্ছেন। প্রেসিডেন্ট প্রার্থীর প্রচারণার সময় আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পর শুক্রবার রাতে ওয়েবসাইটে এসব তথ্য ফাঁস করা হয়। নির্বাচনী প্রচারণার সময় শেষ হওয়ার কয়েক মিনিট আগে ম্যাক্রোনের শিবিরের পক্ষ থেকে এ ধরনের হ্যাকিংয়ের কঠোর নিন্দা জানানো হয়। ফ্রান্সের নির্বাচন নিয়ে চালানো এক জনমত জরিপে সাবেক অর্থমন্ত্রী ম্যাক্রোন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী লি পেনের চেয়ে ২০ পয়েন্ট এগিয়ে রয়েছেন। এএফপি।
ইত্তেফাক/সাব্বির