রবীন্দ্রনাথের ছোটগল্প নিয়ে তারিক আনামের ‘মনিহারা’

 
সকাল থেকে তুমুল বৃষ্টি, আর বৃষ্টি মাথায় নিয়েই চলছে নাটকের সেটের কাজ। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক বলে কথা। সেই সময়টাকে ফুটিয়ে তুলতে হবে। তাই দেয়াল রং করা থেকে শুরু করে, সেট-প্রপস সবজায়গাতেই চলছে ডিটেলিং-এর কাজ। শুটিং হচ্ছে মানিকগঞ্জের সতুবাবুর জমিদার বাড়িতে। দোতালাতে পরেছে সেট, নিচতলাতে মেকআপ নিচ্ছেন তারিক আনাম খান, জমিদারের চরিত্র তিনি আগেও করেছেন, তবে তার মতে এই চরিত্রটা বেশ চ্যালেঞ্জিং।
 
শতাব্দী ওয়াদুদ পাশে বসে সিন নিয়ে আলোচনা করছেন তার সাথে। অভিনেত্রী মাসুদা বিজলী গালে হাত দিয়ে শুনছেন তারিক আনাম খান’র ডায়লগ থ্রোয়িং। ডিরেক্টর আসিফ পিয়াল ও সাইমুন ইসলাম সেট ছেড়ে নিচে নেমে এলেন, দৃশ্যটি আরও একবার রিহার্স করা হলো। তারপর সবাই সেটে, বৃষ্টিও থেমেছে। লাইট আর ক্যামেরার এঙ্গেল ঠিক হলো, ডিরেক্টর একশন বললো আর সাথে সাথে আকাশ অন্ধকার করে আবারো বৃষ্টি। শুটিং ফেলে সবাই বৃষ্টি দেখছে, আহ কি সুন্দর অপরূপ দৃশ্য।
 
সেই অপরূপ দৃশ্যটি বুকে ধারণ করেই দুপুর থেকে এগিয়ে গেলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে “মনিহারা” নাটকের শুটিং। চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বটি পালন করেছেন দুই বন্ধু আসিফ পিয়াল ও সাইমুন ইসলাম। দুজনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পড়াশুনা করেছেন। বর্তমানে কাজও করছেন একসাথে।
IMG0
সোনার গয়নাতে আসক্ত জমিদারের স্ত্রী মনিমালিকা। সন্তান না হওয়ার কারণে পরিবারের লোকজন নানান কটুকথা বলে মনিমালিকার নামে। তাই সবার কাছ থেকে দূরে চলে আসে তারা। খোঁজ পেয়ে ছুটে আসে মনিমালিকার পুরোনো প্রেমিক ও দূর সম্পর্কের ভাই মধুসূদন চাকরির খোঁজে। ওদিকে জমিদারের গুদামে আগুন লাগলে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়, প্রয়োজন হয় প্রচুর অর্থের।
 
সে অর্থের যোগার করতে শহরে যায় জমিদার। ওদিকে মনিমালিকা লোভী মধুসূদনকে নিয়ে সমস্ত গয়না সহ পালিয়ে যায়। জমিদার মনিমালিকার কোনো খোঁজ পায়না। এরপর জমিদার স্ত্রী’র শোকে এতোটাই কাতর হয় যে, অশরীরী মনিমালিকাকে দেখতে পায় সে। এভাবে একদিন সে নিজেও পাগল হয়ে যায়।
 
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে নাটক “মনিহারা”। চিত্রনাট্য ও পরিচালনায় আসিফ পিয়াল ও সাইমুন ইসলাম। অভিনয়ে তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, মাসুদা বিজলী ও সৈকত সিদ্দিক। রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামী ৮ মে নাটকটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে সন্ধ্যা ৭টা ৪০মিনিটে।
 
ইত্তেফাক/আনিসুর