নিরাপত্তা সংশ্লিষ্ট অভিযোগ দিন ডিএনসিসির বক্সে —মেয়র আতিকুল

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, নগরবাসীর নিরাপত্তা সংশ্লিষ্ট অভিযোগ শোনার জন্য প্রতিটি জোন অফিসের সামনে অভিযোগ বক্স খোলা হবে। রাজধানীর কোনো ভবনে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকলে নিজের পরিচয় গোপন রেখে তা যে কেউ অভিযোগ বক্সে জানাতে পারবেন। এছাড়া একটি ফোন নম্বর এবং হোয়াটস অ্যাপ নম্বর থাকবে। পাশাপাশি ‘নগর’ মোবাইল অ্যাপও পুনরায় চালু করা হবে। এসব মাধ্যমে যারা অভিযোগ জানাবেন, তাদের পরিচয় গোপন রাখা হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশান ক্লাবে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘অগ্নিঝুঁকিতে রাজধানী: সিটি করপোরেশনের ভূমিকা ও নাগরিকদের করণীয়’ শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিকুল বলেন, রাজধানীর অনেক বহুতল ভবনের সিঁড়িগুলোকে রান্নাঘর ও স্টোররুম করে রাখা হয়েছে। ইমার্জেন্সি ডোরে চিহ্ন আছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। ভবনে আগুন লাগলে মানুষ কোনদিক দিয়ে বের হবে সেটা নিশ্চিত করতে হবে। আটকে রাখা সিঁডিগুলোকে শিগগিরই খালি করে দিতে হবে। ব্যবসার জন্য কোনও মানুষ যেন মারা না যায়। এটা কোনোভাবেই বরদাশত করা হবে না। এর দায়িত্বে যারা যারা আছে তারা ফায়ারের ড্রেস পরে ডিউটি করতে হবে। তাদের প্রশিক্ষণ দিতে হবে।

সংগঠনের সভাপতি মশিউর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক লাইজুলসহ সেবা খাতে কর্মরত সাংবাদিকরা।