সংসদ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় করার লক্ষ্যে শুরু হচ্ছে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা। রবিবার কাল ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর সহকারী সমন্বয়ক ইঞ্জি. তন্ময় আহমেদ বলেন, এই কর্মশালার জন্য একটি ম্যানুয়াল তৈরি করেছে বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই। বাংলাদেশের মানুষের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কাজের তথ্য পরিবেশনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে একটি কার্যকর যোগাযোগ ব্যবস্থা তৈরি করার জন্য এই ম্যানুয়ালটি প্রস্তুত করা হয়েছে।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির নতুন সদস্য হিসেবে কাজ শুরু করা তন্ময় আহমেদ বলেন, আমাদের এই কর্মশালার অন্যতম উদ্দেশ্যে আওয়ামী লীগের উন্নয়ন কার্যক্রম বিষয়ক কাজের সঙ্গে সংসদ সদস্যদের সমন্বয় করা। সেই সঙ্গে দলের বিষয়ে সকল আধুনিক খবরাখবর তাদের কাছে পৌঁছানো।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।
কর্মশালা উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আরো বক্তব্য রাখবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
উল্লেখ্য, এই কর্মশালা আগামী ৭, ৮ ও ৯ মে ২০১৭ যথাক্রমে রবি, সোম ও মঙ্গলবার একই সময়ে অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/সাব্বির