ওয়াহেদ ম্যানশনের দুই মালিক কারাগারে

চুড়িহাট্টার অগ্নিকাণ্ড

ইত্তেফাক রিপোর্ট

চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের মামলায় ওয়াহেদ ম্যানশনের দুই মালিক মো. হাসান ও সোহেল ওরফে শহীদকে কারাগারে পাঠিয়েছে আদালত। উচ্চ আদালতের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষের আগে তারা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চান। শুনানি শেষে গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম এ আদেশ দেন।

গত ২০ ফেব্রুয়ারি চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৭০ জন মানুষ মারা যায়। এ ঘটনায় সেখানকার একজন বাসিন্দা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় ওয়াহেদ ম্যানশনের দুই মালিক হাইকোর্ট থেকে তিন সপ্তাহের আগাম জামিন নেন। ওই জামিনের মেয়াদের শেষ দিকে নিম্ন আদালতে হাজির হন তারা। আদালত জামিন না-মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠায়।