বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অগণতান্ত্রিক ভোটারবিহীন সরকারের সকল অপকর্ম রুখে দিতে গণতন্ত্রকামী দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই।
জোর করে রাষ্ট্রক্ষমতা দখলকারী বর্তমান শাসকগোষ্ঠী বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করছে। পাশাপাশি হত্যা, গুম, অপহরণ ও নির্যাতন-নিপীড়নের মাধ্যমে দেশকে ভয়াবহ নৈরাজ্যময় করে তোলা হয়েছে।
শনিবার এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মশিউর রহমান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আবদুল ওহাবসহ ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা দায়ের এবং জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক আরিফুল হক আনন্দসহ অঙ্গ সংগঠনের ৯ জন নেতাকর্মীকে গ্রেফতারের ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।
ইত্তেফাক/ইউবি