মোহাম্মদপুরে নারীর লাশ উদ্ধার

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার নিজ বাসা থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার সকালে ইলা শারমিন নামের ওই নারীকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। ইলা শারমিনের বাবা শেখ সাহেদ আলী ও মা আলেয়া বেগম। ঢাকা উদ্যানের ৪ নম্বর সড়কের ১২ নম্বর বাসায় বসবাস করেন তারা।

নিহতের পরিবারের বরাত দিয়ে মোহাম্মদপুর থানার এসআই সানাউল হক জানান, রাতে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন ইলা। সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।