বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ নিয়ে নতুন করে বলার কিছু নেই। সেই আলোচিত ডায়ালগ, ‘আল ইজ ওয়েল’, যা শুনলে তারুণ্যের মনের জোর বাড়ে। ২০০৯ সালে এই মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন বাবা রাঞ্ছোরদাস নামের আমির খান। সঙ্গে ছিলেন ফারহান আর রাজু রাস্তোগি৷
এই তিন ইডিয়টের কীর্তি আজও ভোলেননি ভক্তরা। সকলেই অপেক্ষায় রয়েছেন ‘থ্রি ইডিয়টস্’ রিটার্নসের। গত বছর সংবাদ সম্মেলনে ছবির নির্মাতা রাজকুমার হিরানী ও ছবির অন্যতম প্রধান চরিত্র আমির খান ‘থ্রি ইডিয়টস্’র সিক্যুয়াল নিয়ে আসার ইঙ্গিত দেন।
সিক্যুয়াল তৈরির আগে সেই পাগলামো আবারো ফিরছে বড়পর্দায়। তবে এ ছবিতে আমির খান, শরমন যোশী বা মাধবন কেউ নেই! কারণ, এ ছবিটি তৈরি হয়েছে স্প্যানিশ ভাষায়। বলিউডের ব্লকবাস্টার ছবি থেকে অনুপ্রেরিত হয়ে স্প্যানিশ ভাষায় ‘৩ ইডিয়টস্’ তৈরি করেছেন মেক্সিকান পরিচালক কার্লোস বোলাডো।
মেক্সিকান ‘৩ ইডিয়টস্’-এও ক্লাস রুমের মস্করা, প্রফেসর ভাইরাসের মেয়ের বিয়েতে বিনা নিমন্ত্রণে তিন বন্ধুর পৌঁছে যাওয়া, ধরা পড়া, এ সবই দেখতে পাবেন। এমনকী এ ছবিতেও এক স্কুটারে তিন বন্ধুকে হাসপাতালের পথেও যেতে দেখা যাবে।
সব মিলিয়ে, ছবির কাহিনি, ঘটনা প্রবাহ এমনকী দৃশ্যগুলিও মোটামুটি একই থাকছে মেক্সিকান ‘থ্রি ইডিয়টস্’-এ। শুধু ছবির ভাষা, চরিত্রের নাম আর মুখগুলো পাল্টে গিয়েছে।
ছবিতে র্যাঞ্চোর নাম বদলে গিয়ে হয়েছে প্যাঞ্চো। তবে ‘থ্রি ইডিয়টস্’র সেই বিখ্যাত সংলাপ ‘আল ইজ ওয়েল’ এখানে বদলে গিয়ে হয়েছে ‘তোদো এস্তা বিয়েন’। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২ জুন।
ইত্তেফাক/এমএআর