পাসপোর্ট, পিডিবি ও সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান

ময়মনসিংহের বিদ্যুত্ অফিস অনিয়ম

ইত্তেফাক রিপোর্ট

ঘুষ দাবি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের পৃথক টিম পাসপোর্ট, পিডিবি ও সেটেলমেন্ট অফিসে অভিযান চালিয়েছে। এর মধ্যে পিডিবির ময়মনসিংহ দক্ষিণ অঞ্চলের বিক্রয় বিভাগে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক টিম। দুদক টিমের অভিযানের প্রেক্ষিতে বিদ্যুত্ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ময়মনসিংহ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ (দক্ষিণ) এর উপ-সহকারী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাসের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

দুদক সূত্র জানায়, বিদ্যুত্ উন্নয়ন বোর্ড ময়মনসিংহ দক্ষিণ অঞ্চলের বিক্রয় বিভাগের অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুদক। দুদকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে দুদকের ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক রামপ্রসাদ মন্ডলের নেতৃত্বে তিন সদস্যের এনফোর্সমেন্ট টিম গত সোমবার তাত্ক্ষণিক এ অভিযান চালায়। অভিযানে দুদক টিম বিদ্যুতের মিটাররিডিং এবং বিল প্রস্তুতির ক্ষেত্রে ব্যাপক অনিয়মের প্রমাণ পায়। দুদক টিম দেখে, মিটার রিডারগণ যথাসময়ে বিল প্রস্তুত না করে এককালীন দুই বা ততোধিক মাসের বিল প্রস্তুত করছে, ফলে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুদক টিমের পর্যবেক্ষণকে আমলে এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ (দক্ষিণ) এর উপসহকারী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাসের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

অপরদিকে ভূমি রেকর্ড সংশোধনের জন্য ঘুষ দাবি করা অভিযোগে ঢাকা জোনাল সেটেলমেন্ট অফিসে অভিযান চালিয়েছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে আগত এক অভিযোগের প্রেক্ষিতে গত সোমবার দুদকের সহকারী পরিচালক জাহিদ কালামের নেতৃত্বে তিন সদস্যের দুদক টিম এ অভিযান চালায়। দুদক টিম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালককে অভিযোগের বিষয়ে অবহিত করলে তিনি জানান, ভূমি রেকর্ড সংক্রান্ত কার্যক্রমে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আধুনিকায়ন হচ্ছে। এদিকে, ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্যের অভিযোগের প্রেক্ষিতে দুদকের কুমিল্লা জেলা কার্যালয়ের দুই সদস্যের এনফোর্সমেন্ট টিম ওই পাসপোর্ট অফিসে অভিযান চালায়। দুদক টিমের উপস্থিতি আঁচ করতে পেরে দালালরা পাসপোর্ট অফিস ত্যাগ করে। টিম উপস্থিত সেবাপ্রত্যাশীদের অভিযোগসমূহ লিপিবদ্ধ করে এবং পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জামাল হোসেনের দৃষ্টি আকর্ষণ করেন।