স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, হার্টের রিংয়ের নির্ধারিত মূল্য কার্যকর করে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা প্রাপ্তির পথ সুগম করতে হবে। পর্যায়ক্রমে চোখের লেন্সসহ বিভিন্ন মেডিকেল ডিভাইস সংযোজনের ক্ষেত্রেও সরকার মূল্য নির্ধারণ করবে।
রবিবার ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিলন হলে অঙ্গ প্রতিস্থাপন বিষয়ক জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক অধিবেশনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সিংহভাগ মানুষ দরিদ্র ও মধ্যবিত্ত। জনগণের সরকার হিসেবে এই বিশাল জনগোষ্ঠির সাধ্যের মধ্যে আধুনিক চিকিৎসাসেবা নিয়ে আসার লক্ষ্যে সরকার এই পদক্ষেপ নিচ্ছে। জনগণের স্বার্থেই সবাইকে এই উদ্যোগে সহায়তার হাত বাড়াতে হবে।
দেশের ব্যয়বহুল বড় হাসপাতালগুলোতে গরিব রোগীর ডায়াগনস্টিক ও চিকিৎসা ব্যয় সাশ্রয়ী মূল্যের মধ্যে সীমিত রাখার জন্য আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দরিদ্রদের জন্য বিশেষ সাশ্রয়ী মূল্য নির্ধারণ করলে তারা আধুনিক চিকিৎসার আওতায় চলে আসবে। একটি বেসরকারি হাসপাতাল যদি ১১শ’টাকায় ডায়ালাইসিস সেবা দিতে পারে তবে অন্যদেরও তা পারা উচিৎ।
তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসকরা আন্তর্জাতিক মানের চিকিৎসা দিতে সক্ষম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সময় দেশের স্বাস্থ্য সেবায় যে যুগান্তকারী পরিবর্তন এসেছে তাও বিশ্ব নেতৃবৃন্দ অকপটে স্বীকার করেন। আমাদের দেশ থেকে এখন বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতাও অনেক কমে এসেছে, বরং বিদেশ থেকেও ইদানীং বংলাদেশে অনেক রোগী আসছেন চিকিৎসা নিতে। যার ফলে এদেশের মানুষ মানসম্মত চিকিৎসার প্রকৃত সত্য জানেন না। এক্ষেত্রে চিকিৎসক সমাজকে আরো আন্তরিক, মানবিক ও নিষ্ঠাবান হয়ে মানুষের সেবায় নিয়োজিত হতে হবে।
সোসাইটি অব অরগান ট্রান্সপ্ল্যানটেশন বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক হারুন উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ, ভারতের বিখ্যাত অঙ্গ সংযোজন বিশেষজ্ঞ ডা. সুনীল শ্রফ বক্তৃতা করেন। বাসস
ইত্তেফাক/ইউবি