সুবিধাবঞ্চিত মুক্তিযোদ্ধা হাইবাত আলীকে গরু ও চাষের জমি দিলো “জেগে আছি”

হাইবাত আলী (৭০) নামের এক সুবিধাবঞ্চিত, অস্বচ্ছল মুক্তিযোদ্ধাকে ঢাকার ‘জেগে আছি’ নামের সামাজিক সংগঠন গরু ও চাষের জমি প্রদান করেছে।

এ উপলক্ষে  রবিবার বিকালে উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহে বিচারপতি ড. রাধা বিনোদ পাল মডেল স্কুল প্রাঙ্গনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল হক রবি’র  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘জেগে আছি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ্‌ নুহু।
IMG0
প্রধান অতিথির বক্তব্যে নুহু বলেন, বীর মুক্তিযোদ্ধারা আমাদের জাতীর শ্রেষ্ঠ সন্তান। দেশের জন্য তাঁরা জীবন বাজী রেখে যুদ্ধ করলেও অনেকেই এখনো মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি। তাদেরই একজন হাইবাত আলী। মুক্তিযুদ্ধ করেছেন অথচ নাম তালিকাভুক্ত হয়নি, এমন বাদপড়া মুক্তিযোদ্ধাদের তালিকাভক্ত করার দাবি জানান তিনি।

বিচারপতি ড. রাধা বিনোদ পাল মডেল স্কুলের অধ্যক্ষ রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাকিলাদহ ক্যাম্প ইনচার্জ এস আই জালাল উদ্দিন খাঁন, সদরপুর ইউপি সদস্য জহুরুল ইসলাম, আশাবুল ইসলাম আশা, বিচারপতি ড. রাধা বিনোদ পাল মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আবুল কাশেম, সুন্নত আলী, উপদেষ্টা আব্দুল জব্বার, গোলাম মোস্তফা, শিক্ষক আলমগীর হোসেন, জসিম উদ্দিন, সাইদুল ইসলাম, আঃ মন্নান, আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা হাশেম আলী ও শাজাহান আলী প্রমূখ।

ইত্তেফাক/নূহু