ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

 
সাতক্ষীরার কলারোয়ায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে কালারোয়া উপজেলার ১২ নম্বর যুগিখালি ইউনিয়নের তরুলিয়া গ্রামে। নিহতের নাম সোহাগ হোসেন (৩৫)। তিনি তরুলিয়া গ্রামের আব্দুল বারিক গাজীর ছেলে। 
 
আজ সোমবার ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে আরিচা ফেরিঘাটে তিনি মৃত্যু বরণ করেন।
 
কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, রবিবার সকালে কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের তরুলিয়া গ্রামে আব্দুল বারিক গাজীর দুই ছেলে রসুল ও সোহাগ বাঁশ ঝাড়ের কুঞ্জি ভাগাভাগি নিয়ে কথাকাটি হয়। কথাকাটির এক পর্যায়ে ছোট ভাই রসুল তার বড় ভাই সোহাগ হোসেনকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরে যশোর কুইন্স হাসপাতালে পাঠানো হয়।
 
সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামার্শ দেন কর্তব্যরত চিকিৎসকরা। এরপর ঢাকায় নেওয়ার পথে আরিচা ফেরিঘাটে ভোর চারটার দিকে তার মৃত্যু হয়। 
 
ওসি আরও জানান, নিহত সোহাগ হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে