জয়পুরহাটের পাঁচবিবিতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত গুলিবিদ্ধ ও চার পুলিশ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, গ্রিল কাটার যন্ত্র, রাম দা, হাসুয়া, চাকু ও পশু কুড়াল উদ্ধার করে পুলিশ।
পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম পিপিএম জানান, রবিবার রাত সোয়া ২টার দিকে পৌর এলাকার আব্দুর রহিম চৌধুরীর বাড়ির পেছনে মুরগীরহাটি পরিত্যক্ত পুকুর পাড়ে ১৫/২০ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের ঘিড়ে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় ক্ষেতলাল উপজেলার ঘুগইল গ্রামের মীর কাশেমের ছেলে মিলন মণ্ডল (৩৩) ও পাঁচবিবি উপজেলার রাধাবাড়ি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রফিকুলকে (৩৬) গ্রেফতার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করে। তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় চুরি, ডাকাতির চারটি করে মামলা রয়েছে।
এ ঘটনায় এএসআই হোসেন আলী, কনস্টেবল আসমত আলী, আলামিন ও মিঠুন আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ইত্তেফাক/কেকে