রাজধানীর ফার্মগেটের সম্রাট হোটেলের একটি কক্ষ থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে তেজগাঁও থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে। মাত্রাতিরিক্ত ড্রাগ সেবনে দুজনের মৃত্যু হতে পারে বলে পুলিশের ধারণা। লাশ দুটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট হোটেলের বয়সহ ২ জনকে আটক করেছে পুলিশ। ডিসি তেজগাঁও বিপ্লব কুমার সরকার বলেছেন, গতকাল বেলা সাড়ে ৪টার দিকে পুলিশ খবর পেয়ে ওই হোটেলে যায়। পরে হোটেলের ৭ম তলা থেকে কক্ষের দরজা ভেঙ্গে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহত দুইজনের মধ্যে একজনের নাম আমিনুল ইসলাম সজল (২১)। তিনি তেজগাঁও কলেজের শিক্ষার্থী। অপর জনের নাম মরিয়ম আক্তার জেরিন (১৯)। তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী। তারা সোমবার হোটেলে রাত্রি যাপন করে। ঘটনাস্থল থেকে বেশকিছু যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়েছে। সম্রাট হোটেলের কর্মচারী সোহেল জানান, মঙ্গলবার বিকালে হোটেলের ৭ তলার একটি কক্ষের দরজার তালা ভেঙে দুইজনের লাশ উদ্ধার করা হয়। লাশ দুটি খাটের ওপরে পাশাপাশি পড়েছিল।
তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান, প্রাথমিক সুরতহালে তাদের শরীরে কোনো আঘাত বা রক্তাক্ত জখমের চিহ্ন নেই। বিষয়টি রহস্যজনক। তাই নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিত্সকরা জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।
০