দেশব্যাপী চাঞ্চল্যকর মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় দু’গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একজন নিহত এবং মাতৃগর্ভে নবজাতক সুরাইয়া ও মা নাজমা বেগম গুলিবিদ্ধ এর ঘটনায় দায়েরকৃত মামলায় সাক্ষ্যগ্রহণ রাষ্ট্র পক্ষের আবেদনে পিছিয়েছে। মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে ২০জুন। এই দিনে বাদীর সাক্ষ্যগ্রহণ করা হবে।
সোমবার মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে এই মামলার বাদী পক্ষের সাক্ষ্যগ্রহণ করার দিন ধার্য্য ছিল। রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে আদালত ২০জুন মামলার পরবর্তী দিন ধার্য করেন। এইদিন বাদীর সাক্ষ্য গ্রহণ করা হবে।
এই মামলার আসামিরা হলেন- জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমন, জেলা সমবায় লীগের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান তোতা, আলী আকবর, মুজিবর, সুমন আলী, ফরিদুর রহমান ফরিদ, সাগর, বাপ্পি গাজী, ইলিয়াস, সোহেল, লিটন মল্লিক, মিল্টন মল্লিক, নজরুল, সোহবান শেখ, সোলাইমান জেয়ারদার, মুন্না ও আয়নাল শেখ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট সৈয়দ ফিরোজুর রহমান আদালতে সময়ের আবেদন করে বলেন, সিডিতে গুরুত্ব পূর্ণ একটি কাগজ না থাকায় সময়ের আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করেন ।
উল্লেখ্য, ২০১৫ মালের ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় দু’গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একজন নিহত এবং মাতৃগর্ভে নবজাতক সুরাইয়া ও মা নাজমা বেগম গুলিবিদ্ধ হন। মাগুরা সদর হাসপাতালে অপারেশেনের মাধ্যমে শিশু কন্যা সুরাইয়ার জন্ম হয়। পরবর্তীতে ঢাকায় চিকিৎসায় তারা সুস্থ হয়। এই ঘটনায় নিহত আব্দুল মোমিনের ছেলে রুবেল মিয়া বাদী হয়ে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেছিলেন।
ইত্তেফাক/এমআই