অবশেষে হোসে মরিনহোর বিপক্ষে জয় পেয়েছেন আর্সেন ওয়েঙ্গার। গতকাল প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে পরাজিত করে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লীগে খেলার যোগ্যতা অর্জনের প্রতিযোগিতায় টিকে থাকলো গানার্সরা। এদিকে দিনের অপর ম্যাচে সাউদাম্পটনের সাথে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে লিভারপুল।
২০০৪ সালের পর থেকে মরিনহোর বিপক্ষে সব ধরনের প্রতিযোগিতায় খেলা ১৪টি ম্যাচেই প্রতিটিতেই পরাজিত হয়েছিল ওয়েঙ্গারের শিষ্যরা। এর মধ্যে একমাত্র জয়টি এসেছিল ২০১৫ সালে কমিউনিটি শিল্ডে পুরোনো প্রতিদ্বন্দ্বী চেলসির বিপক্ষে, ঐ সময় ব্লুজদের কোচের দায়িত্বে ছিলেন পর্তুগীজ মরিনহো। গ্রানিট জাকা ও ড্যানি ওয়েলবেকের কল্যাণে গানার্স বর্স সঠিক সময় দারুণ এক জয় তুলে নিলেন। এর মাধ্যমে কঠিন মৌসুমে কিছুটা হলেও নিজেদের ফিরে পেয়েছে আর্সেনাল। ষষ্ঠ স্থানে থাকা আর্সেনাল এখন চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার সিটির থেকে ছয় পয়েন্ট দুরে থাকলো। হাতে রয়েছে চারটি ম্যাচ। অন্যদিকে পেপ গার্দিওলার দলের হাতে রয়েছে তিনটি ম্যাচ। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মরিনহোর বিপক্ষে দারুন এই জয়ের পরে ওয়েঙ্গার বলেছেন, ‘এটা ম্যানেজারের বিপক্ষে ম্যানেজারের কোন প্রতিযোগিতা নয়। প্রথমার্ধে আমরা কিছুটা নার্ভাস ছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে নিজেদের কিছুটা হলেও গুছিয়ে নিয়ে গোলগুলো করেছি।’
এদিকে এই পরাজয়ে পঞ্চম স্থানে থাকা ইউনাইটেড সিটির থেকে চার পয়েন্ট পিছনে থাকলো, হাতে রয়েছে তিনটি ম্যাচ। মরিনহো বলেছেন, অবশ্যই আমরা জানি পুরো শক্তি নিয়ে আজ আমরা খেলতে পারিনি। আমরা এখন ইউরোপা লীগে জয়ের চেষ্টা করছি। চতুর্থ স্থানে থাকার চেয়ে এটা বেশী গুরুত্বপূর্ণ।
সপ্তাহান্তে সেল্টা ভিগোর বিপক্ষে ইউরোপা লীগের দ্বিতীয় লেগের দিকেই এখন লক্ষ্য মরিনহো। প্রথম লেগে ১-০ গোলে জয়ী হয়ে এগিয়ে রয়েছে ইউনাইটেড। ইউরোপা লীগে জিততে পারলে চ্যাম্পিয়নস লীগে খেলার যোগ্যতা অর্জন করবে তারা। তবে প্রিমিয়ার লীগে টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকার পরে গতকালকের ম্যাচটাতে জয় প্রয়োজন ছিল বলেই সমর্থকদের দাবী। এদিকে গানার্সরা শুধুমাত্র প্রিমিয়ার লীগে শেষ চারে থাকতে পারলেও ইউরোপের সর্বোচ্চ লীগে খেলার সুযোগ পাবে। এই পরিসংখ্যানে দুই দলের জন্যই কালকের ম্যাচটা বেশ চ্যালেঞ্জিং ছিল। যদিও ম্যাচের ডেডলক ভাঙ্গতে ৫৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ইউনাইটেড মিডফিল্ডার আন্ডের হেরেরার ভুলে গোলরক্ষক ডেভিড গিয়াকে পরাস্ত করতে ভুল করেন জাকা। তিন মিনিট পরেই এ্যালেক্স ওক্সালেড-চেম্বারলেইনের ক্রস থেকে ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড ওয়েলবেক দারুনভাবে ব্যবধান দ্বিগুন করলে আর্সেনালের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।
এদিকে আনফিল্ডে লিভারপুলের জেমস মিলনারের পেনাল্টি সাউদাম্পটন গোলরক্ষক ফ্রেসার ফর্স্টার আটকে দিলে লিভারপুলের চ্যাম্পিয়নস লীগে খেলার স্বপ্ন কিছুটা হলেও বাঁধাগ্রস্থ হয়েছে। ২০০৯ সালের নভেম্বরের পর থেকে এই প্রথম মিলনার পেনাল্টি শট মিস করলেন। ইউনাইটেডের থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে লিভারপুল প্রিমিয়ার লীগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে, যদিও ইউনাইটেডের থেকে এক ম্যাচ বেশী খেলেছে অল রেডসরা। বাসস।
ইত্তেফাক/রেজা