মঠবাড়িয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় আয়শা আক্তার(২৫)নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
সোমবার সকালে উপজেলার দক্ষিণ বড় মাছুয়া গ্রামে স্বামীর বসতঘর থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। আয়শার স্বামী জেলে রুহুল আমীন কবিরাজ ঘটনার পর থেকে পলাতক রয়েছে। 
 
থানা ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের দক্ষিণ বড় মাছুয়া গ্রামের মনা কবিরাজের ছেলে রুহুল আমীন কবিরাজের সাথে তিন বছর আগে পাশ্ববর্তী ভোলমারা গ্রামের আবুল হাসেম খানের মেয়ে আয়শা আক্তারের   বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। বিরোধের এক পর্যায় আয়শা অভিমান করে বাবার বাড়িতে চলে যায়। এ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান কয়েকদফা শালিস বৈঠক করে। গত শুক্রবার উভয়ের মধ্যে সমঝোতায় আয়শা তার স্বামীর বাড়িতে ফিরে যায়। সোমবার সকালে প্রতিবেশীরা বসতঘরে আয়শার লাশ ঝুলতে দেখে থানায় খবর দেয়।  
 
এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে.এম তারিকুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যা না আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে।
 
ইত্তেফাক/ইউবি