ঝিনাইদহ সদর উপজেলার লেবুতলা গ্রামের জঙ্গি আস্তানায় পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযান শেষ হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কাউন্টার টেরোরিজমের একটি দল জঙ্গি আস্তানায় অভিযান শুরু করে। দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান শেষ হয়।
অভিযান শেষে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মেদ জানান, রোববার সকাল থেকে পুলিশ ও কাউন্টার টেরোরিজমের একটি দল লেবুতলা গ্রামের জঙ্গি আস্তানা ঘিরে রাখে। সেখান থেকে ৮টি বোমা ও ১টি নাইন এমএম পিস্তল উদ্ধার করে। সোমবার ফের অভিযান শুরু করে কাউন্টার টেরোরিজমের বোমা নিষ্ক্রিয়কারী দল। তারা উদ্ধারকৃক ৮টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। এ ছাড়া উদ্ধার করা হয় একটি পিস্তল, ছয়টি গুলি, একটি ম্যাগজিন ও বোমা তৈরির বৈদ্যুতিক সার্কিট।
এদিকে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে জঙ্গি আস্তানায় গুলিতে ও আত্মঘাতি বোমায় নিহত দুজনের লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত হয়েছে। তারা হচ্ছে ধর্মান্তরিত আব্দুল্লাহ ও তুহিন। আব্দুল্লাহর লাশ শনাক্ত করেন বড় ভাই বিপুল কুমার বিশ্বাস। তিনি সদর উপজেলার পোড়াহাটি গ্রামের চৈতন্য বিশ্বাসের ছেলে। ৯ বছর আগে ধর্মান্তরিত হয়ে প্রভাত কুমার থেকে নাম রাখে আব্দুল্লাহ। তুহিনের লাশ শনাক্ত করেন তার মামা আমিরুল ইসলাম। তুহিন সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের আতাউর রহমানের ছেলে।
ইত্তেফাক/ইউবি