নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মদ্যপ অবস্থায় এক নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন বিএমডিএর ভারপ্রাপ্ত মনিটরিং অফিসার ও সচিব আশরাফুল ইসলাম।
বিএমডিএর সচিব আশরাফুল ইসলাম বলেন, উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলামের বিরুদ্ধে অসাদাচরণ ও শৃংখলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। যা চাকরি বিধিমালার পরিপস্থিমূলক কাজে লিপ্ত থাকায় শাস্তিযোগ্য অপরাধ। প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
তিনি বলেন, বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক কেবল জীবন নির্বাহ ভাতা প্রাপ্য হবেন। এ ছাড়া তাকে প্রত্যহ অন্য কর্মকর্তাদের মত অফিসে আসতে হবে এবং কর্মস্থল ত্যাগ করতে চাইলে অনুমতি নিতে হবে। তাকে জয়পুরহাট জোন দপ্তরে এটাসমেন্ট পদে নিযুক্ত করা হয়েছে। অবিলম্বে তার বিরুদ্ধে বিভাগীয় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।
যৌন হয়রানির শিকার ওই সহকারী প্রকৌশলী জানান, বরখাস্ত হওয়ার পর অভিযোগ তুলে নেয়ার জন্য কয়েকবার ফোন করে তাকে হুমকি দেয়া হয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি