অমিতাভের ছেলে ঋষি কাপুর!

‘অমর আকবর অ্যান্টনি’-র অমর অর্থাৎ বিনোদ খন্না সদ্য প্রয়াত। কিন্তু ছবির ‘আকবর’ ঋষি কাপুর এবং ‘অ্যান্টনি’ অমিতাভ বচ্চন ফের জুটি বাঁধতে চলেছেন বড়পর্দায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এ খবর জানিয়েছিলেন খোদ ঋষি। কিন্তু এই ছবির চমক লুকিয়ে রয়েছে অন্য জায়গায়। 
 
সংবাদমাধ্যমের একটা অংশের খবর, পরিচালক উমেশ শুক্লর আসন্ন ছবি ‘১০২ নট আউট’এ দেখা যাবে এই দুই তারকাকে। সেখানে নাকি অমিতাভের ছেলের চরিত্রে অভিনয় করবেন ঋষি! বাস্তবে অমিতাভের বয়স ৭৪। আর ঋষির ৬৪। অর্থাৎ রিয়েল লাইফে মাত্র ১০ বছর পার্থক্যের দুই তারকা রিল লাইফে এ বার বাবা-ছেলের ভূমিকায়। জানা গিয়েছে, এই ছবিতে ১০২ বছরের বৃদ্ধ দত্তারয়া ভাখারিয়ার ভূমিকায় দেখা যাবে অমিতাভকে। উচ্চাকাঙ্খী এই বৃদ্ধ অনেকেরই অনুপ্রেরণা। তারই ৭৫ বছর বয়সী ছেলে ‘বাবু’। এক কঠিন চরিত্রের মানুষ। এই ভূমিকাতে দেখা যাবে ঋষি কাপুরকে।
 
ছবির কাস্ট নিয়ে উত্তেজিত বলি মহল। কেমন মেকআপ হবে, তা নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা। ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ‘আজুবা’তে শেষবার বড়পর্দায় এক সঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ-ঋষিকে। প্রায় ২৬ বছর পরে ফের এই জুটিকে দেখবেন দর্শক। বলিউড হাঙ্গামা।
 
ইত্তেফাক/রেজা