সালথায় কবর খুড়ে পাওয়া গেল না বৃদ্ধার লাশ

ফরিদপুরের সালথায় দুই বছর পর আদালতের নির্দেশে কবর খুড়ে পাওয়া গেল না আজহাজ্ব অফাজদ্দিন মাতুব্বারের লাশ। 
 
সোমবার বেলা ১১টায় উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড়  এলাকায় এ ঘটনা ঘটে। 
 
জানা গেছে, ২০১৫ সালের ৭ নভেম্বর খোয়াড় গ্রামের মৃত আব্বাস মাতুব্বারের ছেলে অফাজদ্দিন মাতুব্বার (৬০) তার নিজ বাড়িতে মারা গেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার কোনো সন্তান ছিল না। দাফনের পর অভিযোগ উঠে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরে মৃত অফাজদ্দিনের ভাতিজি মইফুল বেগম বাদী হয়ে ফরিদপুর আদালতে একটি পিটিশন দায়ের করেন। পিটিশনের ভিত্তিতে আদালত ময়নাতদন্তের জন্য কবর থেকে তার লাশ উত্তোলনের নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী সোমবার সকালে কবরস্থান থেকে লাশ উত্তোলন করতে যান সংশ্লিষ্ট প্রসাশনের কর্মকর্তারা। কিন্তু কবর খুড়ে তার লাশ পাওয়া যায়নি। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আমিনুল হক বলেন, আদালতের নির্দেশে ফরিদপুরের সহকারী কমিশনার (ভুমি) ও ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খানকে নিয়ে কবরস্থানে যাই। কিন্তু কবর খুড়ে অফাজদ্দিনের লাশ পাওয়া যায়নি।
 
ইত্তেফাক/ইউবি