ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা চেলসি তারকা কন্টে

ফুটবল রাইটার্স এসোসিয়েশেনের (এফডব্লিউএ) সদস্যদের ভোটে ২০১৭ সালের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন চেলসি তারকা এনগোলো কন্টে। এ লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন সতীর্থ এডেন হ্যাজার্ড ও টোটেনহ্যাম মিডফিল্ডার ডেলে আলীকে।
 
স্ট্যামফোর্ড ব্রিজে আসার আগে লিস্টার সিটির হয়ে প্রিমিয়ার লীগ শিরোপা জয় করেছিলেন কন্টে। চলতি মৌসুমেও শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌছে গেছে তার দল চেলসি। ফলে পরপর দুইটি শিরোপা জয়ের স্বাদ গ্রহন করতে যাচ্ছেন কন্টে। অসাধারণ পারফর্মেন্স প্রদর্শনের কারণে ২০১৬-১৭ মৌসুমের পিএফএ খেলোয়াড় বর্ষসেরার খেতাবের জন্যও মনোনয়ন পেয়েছিলেন এই ফরাসি আন্তর্জাতিক তারকা।
IMG0
ফুটবল লেখকদের ভোটাভুটিতে সেরার আসন পাওয়া কন্টে এবং রানারআপ হওয়া হ্যাজার্ড মিলে সর্বমোট ভোটের ৬৫ শতাংশ ভোট লাভ করেছেন। প্রতিক্রিয়ায় কন্টে বলেন, ‘এই খেতাব পাওয়াটা আমার জন্য দারুণ সম্মানের। ফুটবল লেখকদের সামনে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রিমিয়ার লীগের অন্যান্য ক্লাব ছাড়াও চেলসিতেও অনেক নামী-দামী খেলোয়াড় ছিল। কিন্তু তারা আমাকে মনোনীত করেছেন। যেটি আমার ক্যারিয়ারের অন্যন্য এক প্রাপ্তি।’
 
গত মৌসুমে ইংল্যান্ডের ফুটবল সাংবাদিকদের ভোটে এই খেতাবটি লাভ করেছিলেন লিস্টারের স্ট্রাইকার জেমি ভার্ডি। আগের মৌসুমে অর্থাৎ ২০১৪-১৫ মৌসুমে সেটি লাভ করেছিলেন হ্যাজার্ড। আগামী ১৮ মে গালা ডিনার আয়োজনের মাধ্যমে শ্রেষ্ঠত্বের এই পুরস্কারটি তুলে দেয়া হবে ২৬ বছর বয়সী কন্টের হাতে। 
 
ইত্তেফাক/ইএইচএম