কাঠ পাচার : তিন বন কর্মকর্তাসহ ১২ জন বরখাস্ত

গোলপাতার নৌকার আড়ালে কাঠ পাচারের সহায়তা করার অভিযোগে পূর্ব সুন্দরবনের ৩ বন কর্মকর্তাসহ ১২ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 
 
সুন্দরবন বিভাগের খুলনা সার্কেলের বনসংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী সম্প্রতি এই বরখাস্তের সত্যতা নিশ্চিত করেছেন। এ বছর গোলপাতা আহরণ মৌসুমে পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে এ কাঠ পাচারের ঘটনা ঘটে। 
 
বরখাস্তকৃতরা হলেন, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের গোলপাতা কুপের কুপ অফিসার আমজাদ হোসেন, সহকারী কুপ অফিসার মোবারক হোসেন, বন প্রহরী হারুন অর রশিদ, আব্দুল আওয়াল, মো. বাদশা শেখ, আব্দুর রশিদ শিকদার নৌকা চালক সেলিম সরদার, নুরুল ইসলাম এবং চাঁদপাই রেঞ্জের জোংড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ, বনপ্রহরী বিধান চন্দ্র হালদার, আলী আহম্মাদ, নৌকা চালক সুলতান হাওলাদার।
 
পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও মো. সাইদুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। পৃথক ওই দুই কমিটির একটির প্রধান খুলনা অফিসের উপ-বন সংরক্ষক বশিরুল আল মামুন এবং অন্যটির প্রধান করা হয় শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হোসেনকে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ৩ কর্মকর্তাসহ ১২ জনকে সাময়িক বরখাস্ত করা হয়।
 
ইত্তেফাক/ইউবি