নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ধ্বসে পড়ল সেতু

দিনাজপুরের পার্বতীপুরে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ধ্বসে পড়ল অর্ধকোটি টাকার একটি সড়ক সেতু।
 
গত রবিবার সন্ধ্যায় পার্বতীপুর উপজেলার হরিরামপুরের শাহপাড়া গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘিরনাই নদীর ওপর এ ঘটনা ঘটে।
 
এদিকে, ক্ষতিগ্রস্ত পুরো সেতুটি অপসারণ না করেই ঠিকাদারী প্রতিষ্ঠান কোন রকমে জোড়াতালি দিয়ে সেটি পুনঃনির্মাণের উদ্যোগ নিচ্ছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
 
জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের বালুয়াপাড়া থেকে আফতাবগঞ্জ পাকা সড়ক পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের জন্য ৫৬ লাখ ৮৯ হাজার ১০৬ টাকায় ঘিরনাই নদীর ওপর কাচারীঘাট সেতুর নির্মাণ প্রকল্প হাতে নেয়া হয়। টেন্ডারে কাজটি পান পার্বতীপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান মোজাফ্ফর অটো রাইস মিলের স্বত্তাধিকারী মোজাফ্ফর হোসেন সাদ্দাম।  কিছুদিন ধরে কয়েক ধাপে ৬০ ফুট দীর্ঘ সেতুটির ঢালাইয়ের কাজ চলে। গত রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সেতুর অবশিষ্ট অংশের ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়। কিন্তু সন্ধ্যার পরপরই খবর আসে ৬০ ফুট সেতুর অর্ধেকটাই ধ্বসে পড়েছে। 
 
সেতু পার্শ্ববর্তী হরিরামপুর শাহপাড়া গ্রামের সোনার উদ্দীন (৬০), খাগড়াবন্দ পাচপীর গ্রামের কামরুল হাসান ও মহেববুল্যা অভিযোগ করেন, ঠিকাদারের নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও দায়িত্বশীল কর্মকর্তাদের সঠিক তদারকির অভাবে সেতুটি ধ্বসে পড়েছে। 
 
ঠিকাদারী প্রতিষ্ঠান মোজাফ্ফর অটো রাইস মিলের স্বত্তাধিকারী মোজাফ্ফর হোসেন সাদ্দাম দাবি করেন, সেতু নির্মাণে কোন অনিয়ম হয়নি। ঢালাইয়ের সাটারিংয়ে ক্রুটি থাকায় লোড নিতে না পারায় সেতুটি ধ্বসে পড়েছে। ঢালাই অপসারণ করে পুনরায় ঢালাই দেওয়া হবে।
 
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, সেতু নির্মাণ কাজে কোন অনিয়ম হয়নি। ধ্বসে যাওয়া অংশ পুনরায় ঢালাই দিতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি