শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে :নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। কোনো অপশক্তিই তা নস্যাত্ করতে পারবে না। সকল অপশক্তিকে পরাজিত করে শেখ হাসিনার বিজয়কে নিশ্চিত করা হবে। গতকাল মঙ্গলবার বিকালে কুড়িপাড়ায় নবনির্মিত অত্যাধুনিক স্থাপত্যশৈলীর সরকারবাড়ি শহীদ এম মনসুর আলী স্মৃতি জামে মসজিদে আছরের নামাজ আদায় শেষে উপস্থিত গ্রামবাসী ও দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

৭২ বছরে পদার্পণ উপলক্ষে গতকাল শুভ জন্মদিনে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম. মনসুর আলীর সন্তান মোহাম্মদ নাসিম তাঁর পিতৃভূমি সিরাজগঞ্জের কুড়িপাড়ায় স্বজন ও দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। বিকাল ৫টায় কুড়িপাড়ায় শহীদ এম মনসুর আলী স্মৃতি জামে মসজিদের পাশে স্বজনদের আয়োজনে কেক কাটেন মোহাম্মদ নাসিম।

এর আগে মোহাম্মদ নাসিম জামে মসজিদে আছরের নামাজ আদায় করেন। নামাজ শেষে সমবেত মুসুল্লিদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। পরে দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ এম. মনসুর আলীসহ জাতীয় ৪ নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। এ সময় তাঁর সহধর্মিণী লায়লা আরজুমান্দ বানু, তাঁর পরিবারের সদস্য গোলাম কিবরিয়া স্বপন, ফেরদৌসসহ আত্মীয়-স্বজন ও দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া সিরাজগঞ্জ জেলা সদরে দলীয় কার্যালয় ও বিভিন্ন উপজেলায় বিভিন্ন সংগঠন তাদের প্রিয় নেতার জন্মদিনে কেক কাটেন।

উল্লেখ্য, মোহাম্মদ নাসিমের উদ্যোগে তাঁর পিতৃভূমি কুড়িপাড়ায় অত্যাধুনিক স্থাপত্যশৈলীর সরকারবাড়ি শহীদ এম মনসুর আলী স্মৃতি জামে মসজিদটি নির্মাণ করা হয়েছে।