গাংনীতে কেমিকেল মেশানো ১ ট্রাক আম বিনষ্ট করলো ভ্রাম্যমান আদালত

 
কেমিকেল মিশিয়ে আম পাচার করার সময় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক ট্রাক আম জব্দ করে বিনষ্ট করেছে।
 
সোমবার সন্ধ্যার দিকে গাংনী উপজেলার চিত্লা গ্রামে সরকারী আদেশ অমান্য করে নির্দিষ্ট সময়ের আগেই আম ভেঙে কেমিকেল মিশিয়ে বাজারজাত করার সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জামাল আহমেদ অভিযান চালিয়ে আমগুলো জব্দ করেন। পরে রাত সাড়ে ১১টার সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ট্রাকের চাকায় পিষ্ট করে আমগুলো বিনষ্ট করা হয়। এ সময় গাংনী থানার ওসি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
 
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদ জানান, চিত্লা গ্রামে অপরিপক্ক আম ভেঙে তাতে কেমিকেল মিশিয়ে পাচারের উদ্দেশে ট্রাকে তোলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে আমের মালিক পালিয়ে গেলেও আম ভর্তি ট্রাকটি জব্দ করা হয়। ১০২ ক্যারেটে অনুমানিক ৬৫ মন আম জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে এনে আমগুলো বিনষ্ট করা হয়।
 
তিনি আরো জানান, চলতি মাসের ৪ তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আম চাষী ও ব্যবসায়ীদের ডেকে মতবিনিময় সভা করা হয়েছিলো।
 
মতবিনিময় সভায় আগামী ১৫ মে গোপালভোগ, ২০ মে ল্যাংড়া, হিম সাগর ৩০ মে এবং আম্রপালি ৩০ জুনের পর ভাঙার নির্দেশনা দেয়া হয়। এছাড়া আমে কোনো ধরনের কেমিকেল মেশানো থেকে দূরে থাকারও পরামর্শ দেয়া ছিলো। কিন্তু সরকারী আদেশ অমান্য করে এক শ্রেণির অসাধু আম চাষী ও ব্যবসায়ী অপরিপক্ক আম ভেঙে ঢাকা, চিটাগাংসহ বাইরের জেলাগুলোতে পাঠানোর চেষ্টা করছে। তিনি বলেন, এসব অসাধু আম চাষী ও ব্যবসায়ীদের আইনের আওতায় এনে কঠোরভাবে দমন করা হবে।

ইত্তেফাক/এএম।