নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট চলছে দক্ষিণ কোরিয়ায়

বড়ধরণের দুর্নীতির দায়ে সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাই পদচ্যুত হওয়ার পর নতুন নেতা বাছাইয়ে আজ (মঙ্গলবার) ভোট দিচ্ছেন দক্ষিণ কোরিয়ার জনগণ। এতে দেশটির বামপন্থী প্রার্থী মুন জা-ইন মধ্যপন্থী প্রার্থী আন চিওল-সুর চেয়ে এগিয়ে আছেন।
 
প্রতিবেশী দেশ উত্তর কেরিয়ার সঙ্গে চলমান যুদ্ধাবস্থা উত্তেজনা ও চরম আর্থিক সংকটের মধ্যেই দক্ষিণ কোরিয়ায় এই আগাম নির্বাচন হচ্ছে। সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন উত্তর কোরিয়ার সঙ্গে প্রায় সব সম্পর্কই ছিন্ন করেছিলেন। তবে গণতান্ত্রিক আন্দোলন কর্মী ও মানবাধিকার আইনজীবী মুন জানিয়েছেন, তিনি উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী।
 
পর্যবেক্ষকরা পূর্বের চেয়েও এবারের নির্বাচনের ব্যালট বাক্সে একটি উচ্চ টার্নআউট বা বেশি ভোটদানের হার আশা করছেন। তাদের ধারণা, এবারের নির্বাচনে ১৩ জন প্রার্থীর মধ্য থেকে যেকোনো একজনকে বিজয়ী করতে দেশের তরুণ ভোটাররা এগিয়ে আসবেন।
IMG0
দক্ষিণ কেরিয়ার স্থানীয় সময় রাত ৮ টায় এই ভোট গ্রহণ শেষ হবে বলে জানানো হয়েছে। পরবর্তীতে ভোট গণনার পর বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
 
বুধবার জরিপ সংস্থা গালুপ কোরিয়ার এক জনমত জরিপে দেখা যায়, মুনের পক্ষে সমর্থন রয়েছে ৩৮ শতাংশ অংশগ্রহণকারীর এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনের পক্ষে মাত্র ২০ শতাংশের সমর্থন রয়েছে। জানা গেছে, সকাল ৮টার মধ্যেই ৫.৬ শতাংশ ভোটার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু