ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরসহ আরো ৭ বিচারপতিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারক চিন্নাস্বামী নাথন কারনান। আদেশে তিনি বলেন, বর্ণ বৈষম্য, ষড়যন্ত্র, হয়রানি এবং আদালত অবমাননা প্রক্রিয়ার অপব্যবহারের দায়ে ওই বিচারকদের সাজা দেয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
সোমবার বিচারপতি কারনান কলকাতার নিউ টাউনের বাসভবন থেকে ১২ পৃষ্ঠার এ আদেশ জারি করেন। বিচারপতিদের পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ডের সঙ্গে এই আটজন বিচারপতিকে ১ লাখ রুপি করে জরিমানাও করেছেন তিনি। এক সপ্তাহের মধ্যে দিল্লির খান মার্কেটে তফসিলি জাতি-উপজাতি সংক্রান্ত জাতীয় কমিশনে সেই টাকা জমা দিতে হবে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের ঘোষণা দিয়েছেন তিনি।
যে ৮ বিচারপতির বিরুদ্ধে বিচারপতি কারনান রায় দিয়েছেন, তারা হলেন প্রধান বিচারপতি জেএস খেহর, বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি জে চেলামেশ্বর, বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি মদন বি লোকুর, বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ, বিচারপতি কুরিয়েন জোসেফ এবং বিচারপতি আর ভানুমতী। এদের মধ্যে বিচারপতি ভানুমতী বাদে বাকি ৭ জন বিচারপতি একই বেঞ্চের সদস্য। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সেই ৭ সদস্যের বেঞ্চই বিচারপতি কারনানকে বিচার এবং প্রশাসনিক কাজকর্ম থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছিল।
এর আগে, একদল মানসিক চিকিৎসক বিচারপতি কারনানের স্বাস্থ্য পরীক্ষা করতে গেলে তাদের ফিরিয়ে দেন তিনি। বিচারপতি কারনান বলেন, তার মানসিক অবস্থা পুরোপুরি ঠিক আছে। কোনো অভিভাবকের উপস্থিতি ছাড়া মানসিক স্বাস্থ্য পরীক্ষার নিয়ম নেই বলেও জানান তিনি। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/সেতু