আফগানিস্তানে বোমা হামলায় শীর্ষস্থানীয় ধর্মীয় নেতা নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলের পারওয়ান প্রদেশে এক মাদ্রাসায় ভয়াবহ বোমা হামলায় একজন শীর্ষস্থানীয় ধর্মীয় নেতা নিহত ও কমপক্ষে সাতজন আহত হয়েছে। বার্তা সংস্থা সিনহুয়ার খবরে এমনটি জানানো হয়েছে।
 
স্থানীয় সংবাদ মাধ্যম টোলো নিউজ জানায়, মঙ্গলবার সকালে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে ইমপ্রোভাইজড বিস্ফোরক ডিভাইস (আইইডি) বিস্ফোরণের পর প্রাদেশিক উলেমা পরিষদের প্রধান আবদুল রহিম শাহ হানাফি নিহত হন।
 
প্রাদেশিক রাজধানী চারিকর শহরে বিস্ফোরণের সময় হানাফি একটি কক্ষে শিশুদের পড়াচ্ছিলেন। এসময় ওই কক্ষে থাকা সাত মাদ্রাসা শিক্ষার্থী আহত হয়। তাদের নগরীর প্রায় ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত কয়েকজনকে কাবুলের এক হাসপাতালে পাঠানো হয়েছে।
 
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। কিন্তু কর্মকর্তারা এ ধরনের হামলার জন্য তালেবান জঙ্গি গোষ্ঠীকে দায়ী করছেন। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু