মিসবাহ-ইউনিসের বিদায়ী টেস্ট ম্যাচ শুরু কাল

পাকিস্তানের দুই তারকা খেলোয়াড় মিসবাহ-উল-হক ও ইউনিস খানের বিদায় টেস্ট ম্যাচ কাল বুধবার থেকে শুরু হচ্ছে । ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট দিয়েই বড় ফরম্যাটকে বিদায় জানাচ্ছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ ও অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস। তাই জয় দিয়ে মিসবাহ-ইউনিসের বিদায় বেলা রঙ্গিন করতে চায় পাকিস্তান।পক্ষান্তরে ডোমিনিকায় আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টা থেকে শুরু হবে মিসবাহ-ইউনিসের বিদায়ী টেস্টে জয় চায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজও। সিরিজে বর্তমানে ১-১ সমতা রয়েছে।
 
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগেই ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নেন মিসবাহ-ইউনিস। তাই ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মিসবাহ-ইউনিস। দলের সেরা দুই তারকার বিদায়ী ম্যাচটি সুমধুর করতেই মাঠে নামবেন দলের অন্যান্য খেলোয়াড়রা। তেমনই আভাস দিলেন পাকিস্তানের ওপেনার আজহার আলী, ‘পাকিস্তানের ক্রিকেটে দু’জনের অবদান অনেক। তাই জয় উপহার দিয়ে তাদের বিদায় দিতে চাই আমরা।’
 
বাঁ-হাতি পেসার ওয়াহাব রিয়াজ বলেন, ‘সকলেই চায় ক্যারিয়ারের শেষটা স্মরণীয় করে রাখতে। মিসবাহ-ইউনিসও তাই চাইছে, এতে কোন সন্দেহ নেই। তাই আমাদের উচিত হবে সেরা পারফরমেন্স প্রদর্শন করে ম্যাচ জয় দিয়ে তাদের বিদায় দেয়া।’
 
পুরো পাকিস্তান দলই শুধু নয়, সাবেক খেলোয়াড়রাও চাইছেন মিসবাহ-ইউনিসের জন্য সিরিজের শেষ ম্যাচ পাকিস্তান জিতুক। সাবেক নির্বাচক ও স্পিন বোলার ইকবাল কাশিম তেমনটাই বললেন, ‘এ টেস্টটি মিসবাহ-ইউনিসের। এ ম্যাচে সকলের সেরাটা দেয়া উচিত। যারা বছরের পর বছর দেশকে এতকিছু দিয়েছে, তাদের বিদায়ী ম্যাচে জয় পাওয়া উচিত পাকিস্তানের। আমি মনে করি, শেষ টেস্ট জয়ের সামর্থ্য আছে পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ফেভারিট পাকিস্তান।’
 
মিসবাহ-ইউনিসের বিদায় টেস্ট সিরিজের শুরুটা চমৎকারই করে পাকিস্তান। ৭ উইকেটের জয় দিয়ে সিরিজ শুরু করে পাকিস্তান। তবে পরের টেস্টে দুর্দান্তভাবে ঘুড়ে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। ১৮৮ রানের টার্গেট দিয়ে পাকিস্তানকে ৮১ রানেই গুটিয়ে দেয় ক্যারিবীয়রা। ফলে ১০৬ রানের জয়ে সিরিজে সমতা আনে ওয়েস্ট ইন্ডিজ। 
 
তবে সিরিজের শেষ ম্যাচটি দলের জন্য হলেও জিততে চাইছেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ, ‘এ ম্যাচটি অন্যান্য সকল টেস্টের মতই। হ্যাঁ, কিছুটা আবেগ তো অনুভব করছি। তবে অন্যান্য ম্যাচের মত, এটিতেও জয় চাই আমরা। এই ম্যাচটি জিততে পারলে, সিরিজও নিজেদের করতে পারবো। তাই সবকিছুর উর্ধ্বে দেশের কথা চিন্তা করেই খেলতে নামবো আমরা।’
 
সিরিজের শেষ টেস্ট জিততে চাইছে ওয়েস্ট ইন্ডিজও। সিরিজে সমতা আনতে পেরে এখন বেশ ফুরফুরা মেজাজে রয়েছে ক্যারিবীয়রা। তাই শেষ টেস্ট জিতে সিরিজ জয়ের স্বপ্নে বিভোর স্বাগতিক অধিনায়ক জেসন হোল্ডার, ‘আমরা আমাদের হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। দুর্দান্ত জয়ে সিরিজে সমতা আনতে পেরেছি। এখন আমাদের লক্ষ্য সিরিজ জয়। এভাবে সিরিজ জিততে পারলে, সাফল্যটা অনেক বড়ভাবেই দেখা হবে।’
 
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড (সম্ভাব্য): জেসন হোল্ডার (অধিনায়ক), দেভেন্দ্র বিশু, জার্মেন ব্ল্যাকউড, ক্রেইগ ব্র্যাথওয়েইট, রোস্টোন চেস, মিগুয়েল কামিন্স, শেন ডরউইচ (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি হোসেফ, কাইরন পাওয়েল ও বিশাল সিং।
 
পাকিস্তান স্কোয়াড(সম্ভাব্য): মিসবাহ-উল-হক (অধিনায়ক), সরফরাজ আহমেদ (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আহমেদ শেহজাদ, আজহার আলী, শান মাসুদ, বাবর আজম, ইউনিস খান, আসাদ শফিক, ইয়াসির শাহ, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, শাহদাব খান, উসমান সালাহউদ্দিন, হাসান আলী, মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আসগর।
 
ইত্তেফাক/রেজা