সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের বিত্তবানদের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
মঙ্গলবার মৌলভীবাজারের জুরি উপজেলায় নিরদবিহারী উচ্চ বিদ্যালয়ে হাকালুকি হাওরের অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।
জাকির হোসাইন বলেন, সিলেট বিভাগসহ বাংলাদেশের অন্যান্য জেলাতেও বিস্তির্ণ হাওর অঞ্চল রয়েছে। বছরের অন্যান্য সময় হাওরে পানি থাকার কারণে শুধু শুষ্ক মৌসুমে ধান চাষ করা হয় এবং যা থেকে ঐ এলাকার মানুষের সারা বছরের খাওয়া চলে কিন্তু এবার আকস্মিক পাহাড়ি ঢলে কৃষকের সব ফসল তলিয়ে গেছে। তাই আমাদের উচিত সাধ্যমত বানবাসী মানুষের পাশে দাঁড়ানো। কারন আমাদের প্রত্যকের কিছু না কিছু সামাজিক দায়বদ্ধতা রয়েছে। এখন সে দায়িত্ব পালন করার সময় এসেছে।
তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে বঙ্গবন্ধু কন্যা হাওর অঞ্চল পরিদর্শন করেছে। নিজের হাতে ত্রাণও দিয়েছেন। তিনি বলেছেন, আমরা এই দুর্যোগ কাঁটিয়ে উঠব। কারণ আমাদের প্রয়োজনীয় খাদ্য মজুদ আছে। তাছাড়া দরকার হলে আরও খাদ্য দ্রব্য আমদানী করা হবে।’ এ সময় তিনি হাওরবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখতে বলেছেন।
ত্রান বিতরণ কার্যক্রমে আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ, স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ রেজা