র‌্যাবের তিন কর্মকর্তাকে নিজ বাহিনীতে ফেরৎ পাঠানোর নির্দেশ

মানবপাচার মামলার এক আসামিকে আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির না করায় র‌্যাব-৩ এর কর্মকর্তা মেজর ফাহিম আদনান সিদ্দিকী, এএসপি মো. আবদুর রকিব খান, মামলার বাদী সিনিয়র ওয়ারেন্ট অফিসার ডিএডি দ্বিজেন্দ্র চন্দ্র দেকে প্রত্যাহার করে নিজ নিজ বাহিনীতে ফেরৎ পাঠানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছে আদালত। 
 
এ সংক্রান্ত এক আবেদন শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচাপতি শহিদুল করিমের ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেয়। চলতি বছরের জানুয়ারি মাসে মানব পাচারের অভিযোগে সেলিমুজ্জামান, মো. শহিদুল ইসলাম ও আনোয়ারুল আজিম নামে তিন আসামিকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদেরকে নিয়ে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মো. রাশেদ খানসহ আরও কয়েকজনকে গ্রেফতার করে। পরে তাদের ফৌজদারি বিধান অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করেনি। আসামিদের মধ্যে মো. রাশেদ খান তাদের বিরুদ্ধে মানব পাচার আইনে করা মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। এই আবেদনের শুনানি শেষে আজ আদালত উপরোক্ত আদেশ দেন। এই সময় রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ হোসেন ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ। 
 
ইত্তেফাক/পাভেল