সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ কেন্দ্রে মঙ্গলবার থেকে ডিগ্রী পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা আরম্ভের আগে থেকে শুরু হয় ঝড়-বৃষ্টি। এ সময় বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় এক ঘণ্টা শিক্ষার্থীরা অন্ধকারে পরীক্ষা দিয়েছে।
ওই কেন্দ্রের পরীক্ষা কমিটির সদস্য প্রভাষক জাহিদুল ইসলাম জানান, বিদ্যুৎবিহীন অবস্থায় পরীক্ষার্থীরা সমস্যায় পড়ে। কলেজ থেকে কয়েকটি কক্ষে মোমবাতি সরবরাহ করা হলেও পুরো কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য আলোর ব্যবস্থা করা সম্ভব হয়নি। পরীক্ষা শুরুর প্রায় এক ঘণ্টা পরে বিদ্যুৎ আসে। এ বছর এই কেন্দ্রে সাতটি কলেজের ৭৩১জন পরীক্ষায় অংশ নিচ্ছে।
ডিগ্রী পরীক্ষার্থী সাদ্দাম হোসেন জানান, বৃষ্টির সময় পুরো কক্ষে অন্ধকার নেমে আসে। তখন উত্তরপত্রে লেখা দুরূহ হয়ে পড়েছিল। তবে কেন্দ্র থেকে তাদেরকে মোমবাতি সরবরাহের যথেষ্ট চেষ্টা করা হয়।
ইত্তেফাক/জামান