ইমরান-মিসবাহর মধ্যে তুলনা পছন্দ নয় আকরামের

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান ও বিদায়ী অধিনায়ক মিসবাহ উল হকের মধ্যে তুলনার পক্ষে নন পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক ও কিংবদন্তী ফাস্ট বোলার ওয়াসিম আকরাম।
 
পাকিস্তানের জিও নিউজ চ্যানেলের সঙ্গে আলাপকালে ওয়াসিম আকরাম বলেন, ‘ইমরান খান আমার মেন্টর। ইমরান খানও মিসবাহ মধ্যে কোন তুলনা হয় না।’
 
এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান গত সপ্তাহে ইমরান খানের চেয়ে মিসবাহকে ভাল অধিনায়ক হিসেবে আখ্যায়িত করেছিলেন। 
 
নিজের অস্ট্রেলিয়ান স্ত্রী ও দুই পুত্র সম্পর্কিত এক জবাবে সাবেক এ অধিনায়ক বলেন, সানেইরা আকরাম পাকিস্তানের সংস্কৃতি সম্পর্কে শিখছে এবং তার এক পুত্র যুক্তরাষ্ট্রে রাগবি খেলছে। ‘আমার ছেলের প্রতি আমার সমর্থন আছে, ছেলেদের বলেছি কঠোর পরিশ্রম ছাড়া কিছুই অর্জন করা যায়না।’
 
পাকিস্তান সুপার লীগ (পিএসএল) পাকিস্তানের মাটিতেই হওয়া উচিৎ- এ মতের সঙ্গেও একমত পোষন করেন ওয়াসিম আকরাম।
 
সর্বকালের সেরা ফাস্ট বোলারদের এক জন হিসেবে বিবেচিত ওয়াসিমই পাকিস্তানের একমাত্র ক্রিকেটার যিনি ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ক্রিকেটার্স এ্যালামনাকের ১৫০ বছর উপলক্ষে প্রকাশিত সর্বকালের টেস্ট একাদশে জায়গা পেয়েছেন।
 
পাকিস্তান এ পর্যন্ত একবারই বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জয় করেছে। ১৯৯২ বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের নেতৃত্ব দিয়েছেন ইমরান খান। পাকিস্তান টুডে।
 
ইত্তেফাক/রেজা