ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. নাছির (৩০) নামে এক মাদকাসক্ত যুবককে পুলিশে দিলেন তার মা। নাছির উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামের আব্দুল সোবাহান মিয়ার ছেলে।
পুলিশ ও তার পরিবার জানায়, নাছির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তার যন্ত্রণায় পরিবার ও এলাকাবাসী অতিষ্ঠ। সে মাদক সেবনের টাকার জন্য ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুরসহ নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়ে।
সম্প্রতি নাছির এক মাদক বিরোধী সমাবেশে আত্মসমর্পণ করে মাদক ছাড়ার অঙ্গিকার করে। কিন্তু সে আবারও মাদক সেবন ও অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ে। তার মা রহিমা বেগম গত সোমবার বিকেলে পুলিশের হাতে সোপর্দ করে। মঙ্গলবার সকাল ১১ টায় ভ্রাম্যমাণ আদালতে তার তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালতে রায় দেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান।
ইত্তেফাক/জামান