সিলেটের ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার চার্জশিট আদালত গ্রহণ করেছেন।
আদালত আগামী ২৩ মে চার্জ গঠনের তারিখ ধার্য করেছেন। সিলেটের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা গত সোমবার ৬ আসামির বিরুদ্ধে এ মামলার চার্জশিট গ্রহণ করেন।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি মফুর আলী বিষয়টি নিশ্চিত করেছেন। চার্জশিটভুক্ত আসামিরা হলেন- আবুল হোসেন (২৫), ফয়সাল আহমদ (২৭), মামুনুর রশীদ (২৫), মান্নান ইয়াইয়া ওরফে মান্নান রাহী ওরফে এবি মান্নান ইয়াইয়া ওরফে ইবনে মঈন (২৪), আবুল খায়ের রশীদ আহমদ (২৫) ও সাফিউর রহমান ফারাবী ওরফে ফারাবী সাফিউর রহমান (৩০)। চার্জশিট থেকে ফটো সাংবাদিক ইদ্রিসসহ ১০ জনকে অব্যাহতি দেয়া হয়েছে।
২০১৫ সালের ১২ মে সিলেট নগরীর সুবিদবাজার নুরানী দীঘিরপারে নিজ বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় পূবালী ব্যাংক কর্মকর্তা ও মুক্তমনা লেখক অনন্ত বিজয় দাশকে। হত্যার একদিন পর তার বড় ভাই রত্মেশ্বর দাস বাদী অজ্ঞাত চার আসামির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। এরপর মামলাটি তদন্ত করে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট।
ইত্তেফাক/ইউবি