আসাদের ক্ষমতা ছাড়ার বিকল্প নেই: কাতার

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মেদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন, যেকোনো চূড়ান্ত শান্তি চুক্তিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে। ‘নিরাপদ অঞ্চল’ কার্যকরের বিষয়টিকে সিরীয় সংঘাতের সমাধান এবং রাজনৈতিক রুপান্তর বিলম্ব করার কাজে ব্যবহার করা উচিত হবে না বলে জানান তিনি। তিনি আরো বলেন, নিরাপদ অঞ্চলগুলো ‘সমাধানে পৌঁছানোর পথে একটি পদক্ষেপ, কিন্তু এগুলো নিজে কোনো সমাধান নয়’।
 
সিরিয়ায় যুদ্ধ বন্ধে জাতিসংঘের বিশেষ দূত স্টিফেন ডি মিস্তুরা দেশটির সরকার ও বিদ্রোহীদের মধ্যে আগামী ১৬ মে পুনরায় আলোচনা শুরুর ঘোষণা দেয়ার পর কাতারের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ওই মন্তব্য করা হল। এর আগে মিস্তুরা বলেছিলেন, তিনি আশা করেন কাজাখস্তানের আস্তানায় রাশিয়া, ইরান ও তুরস্ককে নিয়ে করা চুক্তিটি পুরোপুরিভাবে কার্যকর হবে। তবে সোমবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, পর্যবেক্ষক হিসেবে রাশিয়ার ভূমিকা ব্যতীত তথাকথিত নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠায় জাতিসংঘ বা ‘আন্তর্জাতিক বাহিনীগুলোর’ কোনো ভূমিকা থাকবে না। তিনি বলেন, ‘চুক্তিটি পর্যবেক্ষণে আমার জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক বাহিনীগুলোর ভূমিকা মানবো না।’
 
এদিকে রুশ কর্তৃপক্ষ গত সোমবার জানিয়েছে, নিরাপদ অঞ্চল চুক্তির সমর্থনে রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপস্থাপনের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করছে। রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থার কাছে জাতিসংঘের একটি সূত্র বলেছে, খসড়া প্রস্তাবের ওপর সম্ভবত আগামী সপ্তাহে একটি ভোটাভুটি অনুষ্ঠিত হবে। আল জাজিরা।
 
ইত্তেফাক/সাব্বির